সিলেটে শুল্ক ফাঁকি দিয়ে আনা তিন গাড়ি জব্দ

সিলেটে কারনেট সুবিধায় শুল্ক ফাঁকি দিয়ে আনা তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে সিলেট শহরে অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে জব্দ করা তিনটি গাড়ি নিয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানানো হয়েছে।
পর্যটকেরা দেশে বেড়াতে এলে নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহৃত গাড়ি বিনা শুল্কে নিয়ে আসার যে সুবিধা পান, তাই কারনেট সুবিধা। আন্তর্জাতিক একটি চুক্তি অনুযায়ী এই সুবিধা দেওয়া হয়। তবে বাংলাদেশ এই চুক্তির স্বাক্ষরকারী নয় বলে এ সুবিধা দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মহাপরিচালক মইনুল হক খান। তিনি বলেন, জব্দ করা তিনটি গাড়ির মূল্য প্রায় ৮ কোটি টাকা। চলতি মাসে ধারাবাহিক অভিযানে মৌলভীবাজার ও সিলেট থেকে এগুলো জব্দ করা হয়েছে। এর মধ্যে ২ সেপ্টেম্বর সিলেট নগরের লন্ডনি রোড থেকে জাগুয়ার এস গাড়ি, মৌলভীবাজার থেকে ৫ সেপ্টেম্বর নিশান ৩০০-জেড এক্স গাড়ি ও ২২ সেপ্টেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল রোডের একটি ওয়ার্কশপে অভিযান চালিয়ে মিতসুবিশি গাড়ি জব্দ করা হয়।
গাড়ির প্রকৃত ব্যবহারকারীদের নাম ও ঠিকানা সংগ্রহ করে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
মইনুল হক খান বলেন, কারনেট সুবিধার অপব্যবহারের মাধ্যমে আনা গাড়ি জব্দ করতে সারা দেশে সাঁড়াশি অভিযান চলছে। এ পর্যন্ত সিলেট অঞ্চলে সাতটি গাড়ি জব্দ করা হয়েছে। এর মধ্যে স্বেচ্ছায় গাড়ি শুল্ক গোয়েন্দা দপ্তরে দিয়ে দেওয়ার ঘটনাও রয়েছে। মহাপরিচালক আরও বলেন, যাঁরা স্বেচ্ছায় গাড়ি দিচ্ছেন, তাঁদের আইনানুগ সহায়তা দেওয়া হচ্ছে।
অধিদপ্তরের সিলেটের সহকারী পরিচালক ইমাম গাজ্জালী প্রথম আলোকে বলেন, এ সুবিধায় দেশে গাড়ি এনে নির্দিষ্ট সময়ের বাইরেও ব্যবহার করতে দেখা যায়। তখন কারনেট সুবিধার অপব্যবহার করে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে গাড়ি জব্দ করা হয়। গতকাল জব্দ করা তিনটি গাড়ি যুক্তরাজ্যপ্রবাসীদের।