সিলেটে সংঘর্ষে সামাজিক সংগঠনের নেতা নিহত
সিলেট সদর উপজেলার বিমানবন্দর থানা এলাকার সাহেবের বাজারে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সঙ্গে স্থানীয় একটি সামাজিক সংগঠনের লোকজনের সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালের দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মাসুকুর রহমান (২৬)। তিনি স্থানীয় সামাজিক সংগঠন ইয়ং স্টার সমাজকল্যাণ সংস্থার সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি সাহেবের বাজার এলাকার দেওয়াইরবহর গ্রামে।
পুলিশ জানায়, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-সমর্থিত বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির উদ্যোগে সাহেবের বাজারে গতকাল বিকেলে একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল। ওই মিছিলের প্রচারণা চলছিল প্রায় এক সপ্তাহ ধরে। এই প্রচারণা নিয়ে ইয়ং স্টার সমাজকল্যাণ সংস্থার সঙ্গে বিরোধ বাধে।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ইয়ং স্টারের কিছু লোক কৃষক সংগ্রাম সমিতির সাহেবের বাজার আঞ্চলিক কমিটির যুগ্ম আহ্বায়ক সাহেদ আলীর বাড়ি ভাঙচুর করেন। এ খবর পেয়ে কৃষক সংগ্রাম সমিতির নেতা-কর্মীরা সংগঠিত হয়ে সাহেবের বাজারে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলেই দুই পক্ষ মুখোমুখি হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সাহেবের বাজারের বাসিন্দা একাধিক প্রত্যক্ষদর্শী জানান, সংঘর্ষের সময় দুই পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। প্রায় ২০ মিনিট স্থায়ী সংঘর্ষে এক পক্ষ আরেক পক্ষকে মারধর করে। খবর পেয়ে বিমানবন্দর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মাসুকুর রহমান আক্রান্ত হন। তাঁকে কুপিয়ে ঘটনাস্থলে ফেলে রাখা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শতাধিক ফাঁকা গুলি ছুড়লে পরিস্থিতি শান্ত হয়। পরে অচেতন অবস্থায় মাসুকুরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামাল বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছে। এঁদের মধ্যে আহত হওয়ায় খালিক, মুহিবুর ও তছিরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইয়ং স্টার সমাজকল্যাণ সংস্থার একজন জ্যেষ্ঠ সহসভাপতি মোশাহিদ আলী প্রথম আলোকে বলেন, কৃষক সংগ্রাম সমিতি সাহেবের বাজারের পার্শ্ববর্তী কালাগুল চা-বাগানে শ্রমিক ধর্মঘটের নামে অচলাবস্থা সৃষ্টি করে রেখেছে। স্থানীয় জনসাধারণ এ সংগঠনকে চা-বাগানের বাইরে এসে মিছিল ও সমাবেশ করার বিরোধিতা করছিল। এ ক্ষোভ থেকে পরিকল্পিতভাবে সামাজিক সংগঠনের নেতাদের ওপর হামলা করা হয়।
কৃষক সংগ্রাম সমিতির যুগ্ম আহ্বায়ক মো. ছাদির মিয়ার দাবি, স্থানীয় একদল সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে কৃষকনেতা সাহেদ আলীর গোয়ালঘরে হামলা করে। সন্ত্রাসীদের প্রতিরোধ করতে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল বের করলে সন্ত্রাসীরা হামলা করে। হামলা ঠেকাতে গিয়ে পরবর্তী ঘটনা ঘটেছে।
সাহেবের বাজারের ঘটনার পেছনে সামাজিক সংগঠনের আড়ালে ‘সরকারদলীয় প্রভাবশালী দুজন নেতার’ প্রশ্রয় রয়েছে বলে গতকাল এক বিবৃতিতে অভিযোগ করেছেন কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্যামল কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির।
গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।