সিলেটে সাংবাদিকের ওপর হামলা, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকির ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা দুইটার দিকে নগরের গোয়াইপাড়া এলাকায় ওই সাংবাদিকের বাসার ভেতরে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে আটক করে।

সাদিকুরের পরিবারের বরাত দিয়ে পুলিশ বলছে, পূর্বশত্রুতার জের ধরে সাদিকুরের ওপর স্থানীয় কামাল উদ্দিনের নেতৃত্বে কয়েকজন হামলা চালান। হামলায় সাদিকুরের নাক ও ঠোঁট ফেটে রক্তক্ষরণ হয়। আহত অবস্থায় তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে ওই সাংবাদিকের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্লাহ প্রথম আলোকে বলেন, হামলার ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। হামলার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে কামাল ও টেংকু নামের দুজনকে আটক করেছে পুলিশ।