সিলেটে সড়কে অবস্থান করায় বিএনপির ৩৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সিলেটে ধানের শীষ প্রতীকের দুই প্রচার কর্মীকে আটকের প্রতিবাদে পুলিশ কর্মকর্তার কার্যালয়ের সামনের সড়কে অবস্থান করার ঘটনায় বিএনপির ৩৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ সোমবার ভোরে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ আহমদকে এ মামলায় গ্রেপ্তার করার পর মামলার বিষয়টি জানাজানি হয়।
গতকাল রোববার রাতে সিলেট মহানগরের শাহপরান থানায় পুলিশের উপপরিদর্শক ফয়েজ আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মামলায় সরকারি কাজে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আসামি করা হয়েছে বিএনপির ৩৯ নেতা-কর্মীকে। এর মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, মেয়র প্রার্থী আরিফুল হকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণবিষয়ক সহসম্পাদক আবদুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সভাপতি শাহরিয়ার হোসেন চৌধুরী, সহসভাপতি সালেহ আহমদ খসরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, জেলার সাধারণ সম্পাদক আলী আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী।
স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, সিলেট সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড এলাকার দক্ষিণ সুরমা ঝালোপাড়ার বাসিন্দা সুমন আহমদ (২৮) ও রাসেল আহমেদ (২৫) নামের দুই কর্মীকে ২০ জুলাই দিনগত রাত সাড়ে তিনটার দিকে সাদাপোশাকধারী কয়েকজন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তুলে নেন। রাতেই দক্ষিণ সুরমা থানায় খোঁজ নিয়ে দুজনের সন্ধান পাওয়া যায়নি। ২১ জুলাই সকালে মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী পুলিশ কমিশনারের কার্যালয়ে গেলে সেখান থেকেও কিছু জানানো হয়নি। পরে দুই কর্মীর সন্ধান চেয়ে বেলা দেড়টার দিকে আরিফুল হক চৌধুরী নগরের শাহজালাল উপশহর এলাকার উপপুলিশ কমিশনারের (দক্ষিণ) কার্যালয়ের সামনে রাস্তায় অবস্থান করেন। এ খবর পেয়ে বিএনপির নেতা-কর্মীরা সেখানে গিয়ে তাঁর সঙ্গে অবস্থান নেন। আরিফুল হকের দাবি ছিল, পরোয়ানা ছাড়াই তাঁর দুই কর্মীকে ধরে নিয়ে যাওয়ার বিষয় অস্বীকার করছে পুলিশ। অবস্থানকালে পুলিশ গ্রেপ্তার করার বিষয়টি স্বীকার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানালে প্রায় তিন ঘণ্টা পর অবস্থান প্রত্যাহার করে নেন আরিফুল হক ও তাঁর সমর্থকেরা।
এর আগে ১২ জুলাই মধ্যরাতে নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান নিয়েছিলেন আরিফুল হক চৌধুরী। তখন অভিযোগ ছিল, বন্দরবাজার এলাকায় তাঁর নির্বাচনী পোস্টার লাগানোর সময় এক কর্মীকে মারধর করে বন্দরবাজার ফাঁড়ি পুলিশের হাতে তুলে দিয়েছেন মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের সমর্থক ছাত্রলীগ কর্মীরা। পুলিশ ফাঁড়ির সামনে প্রায় ৪০ মিনিট অবস্থান নিয়ে আটক কর্মীকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিলেন আরিফুল হক চৌধুরী।