সিলেটে হরতালে গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরে গতকাল সোমবার হরতাল চলাকালে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
গত বৃহস্পতিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিল করে। এতে নতুন করে নয়জন আসামির নাম অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নামও রয়েছে। মামলার অভিযোগপত্র থেকে তাঁর নাম বাদ দেওয়ার দাবিতে ‘আমরা সিলেটবাসী’র ব্যানারে গতকাল সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল ভোর ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত নগরের কেন্দ্রস্থলের পয়েন্টগুলোতে হরতাল আহ্বানকারীরা পিকেটিং করে। ‘আমরা সিলেটবাসী’র আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকের নেতৃত্বে সকাল নয়টায় একটি মিছিল নগরের জিন্দাবাজার সিটি সেন্টারের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে ছাত্রদলের একটি মিছিল কোর্ট পয়েন্টে গিয়ে অবস্থান নেয়। সেখানে বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। সকাল সাড়ে নয়টার দিকে নগরের আম্বরখানা দর্শন দেউড়িতে একটি সিএনজিচালিত অটোরিকশা এবং বন্দরবাজার হকার্স মার্কেটের সামনে একটি ট্রাক ভাঙচুর করা হয়। জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের বহনকারী যানবাহন হরতালের আওতামুক্ত ছিল। নগরের দোকানপাট ও বিপণিবিতানগুলো বন্ধ ছিল। দুপুরের পর রিকশা ও অটোরিকশা চলাচল করেছে।
হরতাল সর্বাত্মক ও স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে—এ দাবি করে আবদুর রাজ্জাক বলেন, মেয়র আরিফুল হকের জনপ্রতিনিধিত্বকে ব্যাহত করতেই তাঁকে মামলার অভিযোগপত্রে জড়ানো হয়েছে। নগরবাসীসহ জেলার সাধারণ মানুষ এ বিষয়টি উপলব্ধি করতে পেরেছে বলে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হয়েছে।
হরতাল আহ্বানকারী সংগঠনের নেতার বাড়িতে অগ্নিকাণ্ড
গত রোববার রাত প্রায় সাড়ে ১১টার দিকে নগরের রায়নগর এলাকায় ‘আমরা সিলেটবাসী’র আহ্বায়ক আবদুর রাজ্জাকের বাসার ড্রয়িং রুমে অগ্নিকাণ্ডে সোফা, কাঠের আলমারি, এলসিডি টিভিসহ মূল্যবান কিছু মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের বিষয়টিকে রহস্যজনক বলে মনে করছেন রাজ্জাক। তিনি বলেন, ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা তিনি বুঝে উঠতে পারছেন না। খবর পেয়ে তাঁর এলাকার লোকজন বাড়ির পুকুর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমতুল্লাহ প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশকে নিশ্চিত করেছেন যে পাশের ঘরের গ্যাসের চুলা থেকে আগুন লেগেছে।