জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর সিলেটের সাগরদিঘিরপাড় এলাকায় গতকাল বুধবার দুপুরে মিছিল করে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে জামায়াত-শিবির। বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
এ ছাড়া মুজাহিদের ফাঁসি বহাল রাখার রায়ের পরপরই নগরের মদিনা মার্কেট এলাকায় বিক্ষিপ্তভাবে তিনটি অটোরিকশা ও একটি প্রাইভেট কারে ঢিল ছোড়া হয়। এতে অটোরিকশা তিনটি ও প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ মদিনা মার্কেট এলাকাসহ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ফটক পর্যন্ত সতর্ক অবস্থান নিলে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি।
এদিকে সকাল থেকে নগরের বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। এসব মোড় থেকে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চলছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ জানান, যেকোনো তৎপরতা মোকাবিলার প্রস্তুতি রয়েছে পুলিশের। নগরের গুরুত্বপূর্ণ স্থানসহ পাড়া-মহল্লায় সাদাপোশাকের পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।