সিলেটে হামলায় বিদ্যালয়ের বই উৎসব ভন্ডুল
সিলেট নগরের কেন্দ্রস্থলের দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসব ভন্ডুল করে দিয়েছে একদল লোক। আজ রোববার বেলা পৌনে দুইটার দিকে এ ঘটনার পরপরই বিদ্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও বিদ্যালয় সূত্র জানায়, আজ বই উৎসব উপলক্ষে বিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থীর মধ্যে ৪৫০ জন উপস্থিত হয়। সঙ্গে তাদের অভিভাবকেরাও ছিলেন। দুপুরের দিকে বই বিতরণ শেষে শিক্ষার্থীদের নিয়ে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান শুরু হয়। এ অনুষ্ঠান শেষের দিকে একদল লোক অতর্কিত আক্রমণ চালিয়ে মঞ্চ ভাঙচুর করে। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে তাড়িয়ে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী ও পাঁচজন অভিভাবক আহত হন।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকসহ প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হামলাকারীরা অনুষ্ঠানের কারণে নামাজের ব্যাঘাত ঘটার অভিযোগ এনে হামলা করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেগুফতা কানিজ আক্তার প্রথম আলোকে বলেন, নামাজের বিরতি দিয়ে দেশাত্মবোধক গান চলার সময় হামলা হয়েছে। কারা, কেন হামলা করেছে—এ বিষয়টি পুলিশকে খুঁজে বের করতে বলা হয়েছে।
বেলা সোয়া দুইটার দিকে বিদ্যালয় চত্বরে গিয়ে মঞ্চসহ আসবাব ভাঙা পাওয়া গেছে। এ সময় সিলেট মহানগর পুলিশের পদস্থ কর্মকর্তাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে ছিল।
ঘটনাস্থলে অবস্থানকালে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ বলেন, ‘এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। কারা হামলা করল, কেন করল—এসব বিষয়ে জেনে পরে কথা বলব।’