সিলেটে ১৩ লাখ টাকার মুঠোফোন চুরি, গ্রেপ্তার ৩
সিলেটের শাহজালাল উপশহর এলাকায় গত ২৮ জুলাই দিনের বেলা স্যামসাং শোরুমের তালা ভেঙে ১৩ লাখ টাকার ৯০টি মুঠোফোন চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার জ্যেষ্ঠ সহকারী কমিশনার জ্যোতির্ময় সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল প্রযুক্তির সহায়তায় কুমিল্লার মুরাদনগর থেকে তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া তিনজন হচ্ছেন সিপন (২৮), সালাহ উদ্দিন (১৮) ও মো. সেলিম (৩০)। তিনজনের কাছ থেকে ছয়টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার তিনজনকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
শাহপরান থানা সূত্র জানায়, গত ২৮ জুলাই জুমার নামাজের পরপরই শাহজালাল উপশহরের স্যামসং শোরুমের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। ৯০টি মুঠোফোন ছাড়াও শোরুম থেকে ১ লাখ ৯৮ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় স্যামসং শোরুম কর্তৃপক্ষ শাহপরান থানায় মামলা করলে প্রযুক্তির সহায়তায় চোর চক্রের সন্ধানে নামে পুলিশের একটি বিশেষ দল। দিনের বেলা চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হওয়ায় শাহপরান থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশানারের নেতৃত্বে পুলিশের একটি দল সিলেট জেলাসহ আশপাশ জেলাগুলোয় প্রযুক্তির সহায়তায় নজরদারি করে এ তিনজনকে গ্রেপ্তার করে।