সিলেটে ২০ ট্রাকে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতেরা ২০ ট্রাকচালকের সর্বস্ব লুট করেছে। ডাকাতের হামলায় এক ট্রাকচালক আহত হয়েছেন। গত মঙ্গলবার গভীর রাতে কোম্পানীগঞ্জের গৌরীনগরের কাছে এ ঘটনা ঘটে।
আলা উদ্দিন (৩৫) নামের আহত ওই ট্রাকচালককে রাতে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জে। রাত তিনটার দিকে এ ঘটনা জানাজানি হলে ঘটনার প্রতিবাদে ট্রাকচালকেরা গতকাল বুধবার সকাল ১০টা পর্যন্ত কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে ট্রাক চলাচল বন্ধ রাখেন।
ট্রাকচালকদের সংগঠন সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে পাথরবাহী ট্রাক কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ক দিয়ে রাতে চলাচল করে। গত মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে গৌরীনগর সড়কে পাথর ও গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিয়ে রাখে একদল ডাকাত। এতে রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত পাথরবাহী ২০টি ট্রাক আটকা পড়ে। আটকা পড়া ওই সব ট্রাকের চালক ও তাঁদের সহকারীদের কাছ থেকে মুঠোফোন ও টাকা নিয়ে ব্যারিকেড তুলে নেয় ডাকাতেরা।
পশ্চিম গোয়াইনঘাট আঞ্চলিক ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হাফিজুর রহমান জানান, রাত দেড়টা থেকে দুইটা পর্যন্ত ২০টি ট্রাক ডাকাতের ব্যারিকেডে আটকা পড়লে এ খবর জানাজানি হয় রাত প্রায় তিনটায়। এ সময় ঘটনাস্থল ঘিরে উভয় দিকে আরও শতাধিক ট্রাক থামিয়ে চালকেরা বিক্ষোভ করেন। একপর্যায়ে কোম্পানীগঞ্জ থানার একদল পুলিশ নিয়ে অন্য ট্রাকচালকেরা দল বেঁধে ঘটনাস্থলে গিয়ে ২০ ট্রাকচালককে উদ্ধার করতে গিয়ে আহত অবস্থায় আলা উদ্দিনকে পান। তাঁকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।
ডাকাতির শিকার হওয়া ট্রাকচালকদের বরাত দিয়ে হাফিজুর আরও জানান, ২০টি ট্রাকের সঙ্গে থাকা ৩০-৪০ জনের মুঠোফোনসহ টাকা ডাকাতেরা লুটে নেয়। তবে টাকার পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। আলা উদ্দিন ডাকাতিতে বাধা দেওয়ায় তাঁকে মারধর করে রাস্তায় ফেলে রাখা হয়।
ঘটনাটি ডাকাতির চেষ্টা বলে জানান কোম্পানীগঞ্জ থানার উপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ। রাত তিনটার দিকে ঘটনাস্থলে পুলিশ গেলে সড়কে ব্যারিকেড গুটিয়ে ডাকাতেরা পালিয়ে যায়। এ ঘটনার পর নিরাপত্তাহীনতার কারণে সড়কে ট্রাক চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন ট্রাকচালকেরা। গতকাল সকালে ট্রাকচালকদের সঙ্গে বৈঠক করে যথাযথ নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করায় ট্রাক চলাচল স্বাভাবিক হয়েছে বলে তিনি জানান।