সিলেটে ৪৬ কোটি টাকার সাপের বিষসহ আটক ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের কানাইঘাট থেকে আটক সাপের বিষ।
সিলেটের কানাইঘাট থেকে আটক সাপের বিষ।

সিলেটের কানাইঘাট উপজেলা থেকে ৪৬ কোটি টাকার সাপের বিষসহ সাতজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ শুক্রবার দুপুরে ওই বিষসহ তাঁদের আটক করা হয়।
আজ রাত আটটার দিকে র‍্যাব-৯ এর সংবাদ সম্মেলনে বলা হয়, র‍্যাবের একটি দল আজ দুপুরে কানাইঘাট উপজেলার রাউৎ গ্রামের সিফাতুর রহমানের বাড়িতে অভিযান চালায়। ওই সময় ওই বাড়ি থেকে ১২ পাউন্ড ওজনের কোবরা সাপের বিষ উদ্ধার করে তারা। র‍্যাবের ভাষ্য, আটক সাপের বিষের দাম ৪৬ কোটি টাকা। এ ছাড়া ও বাড়ি থেকে চার রাউন্ড গুলিসহ একটি রিভলবারও উদ্ধার করা হয়।
এ ঘটনায় র‍্যাব বাড়ির মালিক সিফাতুর রহমানসহ সাতজনকে আটক করেছে। অন্যরা হলেন, নুরুল আলম ওরফে নান্নু, মো. আবু হাছান, গাড়িচালক শহীদুল ইসলাম ওরফে অনুজ, মো. আবদুল মালিক, খন্দকার আবদুল ওয়াহিদ ও মতিলাল আচার্য্য।
র‍্যাবের সংবাদ সম্মেলনে বলা হয়, আটক ব্যক্তিরা দাবি করেছিলেন, তাঁরা ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। কিন্তু তাঁরা এর স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। তাঁরা কোনো আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত কি না—বিষয়টি খতিয়ে দেখা হবে।