সিলেটে ৯৪ ককটেলসহ দুই শিবির কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে ৯৪টি ককটেল, ২টি পাইপগানসহ ছাত্রশিবিরের দুই কর্মী ও খুলনার খালিশপুর থেকে ছয় কর্মী; কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে জামায়াতের এক নেতা এবং নেত্রকোনার কলমাকান্দা থেকে বিএনপি ও যুবদলের দুই নেতাকে আটক করা হয়েছে। গতকাল শনিবার অভিযান চালিয়ে তাঁদের আটক করে পরে ভিন্ন ভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
সিলেট: ফেঞ্চুগঞ্জের আশিঘর ও হাঁটুভাঙা গ্রামে ভোরে পুলিশ অভিযান চালিয়ে ককটেল, পাইপগানসহ যে দুজনকে আটক করে তাঁরা হলেন মোজাম্মেল হক (২০) ও রুমন মিয়া (২১)। দুপুরে সিলেটে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানানো হয়, তথ্যদাতার দেওয়া খবরের ভিত্তিতে ঘিলছড়া ইউনিয়নের আশিঘর গ্রামে শিবির কর্মী ইমরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে সাতটি ককটেল উদ্ধার করা হয়। ইমরুলকে বাড়িতে পাওয়া যায়নি। পরে সেখান থেকে মাইজগাঁও ইউনিয়নের হাঁটুভাঙা গ্রামের মোজাম্মেল হক ও রুমন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৯৪টি ককটেল ও ২টি দেশীয় পাইপগান উদ্ধার করা হয় এবং ওই দুজনকে আটক করা হয়।
সংবাদ সম্মেলনে সিলেটের পুলিশ সুপার নুরে আলম জানান, যুদ্ধাপরাধের বিচারের রায় কার্যকর ব্যাহত করতে জামায়াত-শিবিরের পরিকল্পিত নাশকতার কাজে ব্যবহার করার জন্য এগুলো মজুত করা হয়েছিল। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা প্রথম আলোকে জানান, আটক দুজনকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া ওই দুজনসহ পলাতক শিবির কর্মীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।
খুলনা: ভোর সাড়ে পাঁচটার দিকে খালিশপুরের সিটি পলিটেকনিক এলাকায় ‘সরকারবিরোধী’ পোস্টার লাগানোর সময় ছয় শিবির কর্মীকে আটক করে খালিশপুর থানার পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন দেলোয়ার হুসাইন (১৮), আমিনুল ইসলাম (১৯), নাহিদ (১৯), হাসান (১৯), মোমিন (১৮) ও আতিকুর রহমান (২০)। পুলিশ বলেছে, তাঁরা সবাই শিবির কর্মী। তাঁরা খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
কিশোরগঞ্জ: পাকুন্দিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির ও মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল কাশেমকে দুপুরে মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়।
পাকুন্দিয়া থানার ওসি হাসান আল মামুন বলেন, আবুল কাশেম নাশকতার মামলার একজন পলাতক আসামি। তাঁকে গ্রেপ্তার করে কোর্টের মাধ্যমে বেলা তিনটার দিকে জেলে পাঠানো হয়।
নেত্রকোনা: কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি আবুল খায়ের (৫০) ও কলমাকান্দা সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক চন্দন আকন্দকে (৩৫) সকাল ১০টার দিকে আটক করা হয়।
কলমাকান্দা বাজারের কলেজ রোড এলাকার নিজ বাসা থেকে আবুল খায়েরকে আটক করার পর একই এলাকার নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে চন্দন আকন্দকে আটক করে পুলিশ। কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় তাঁদের আটক করা হয়। দুপুরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।