সিলেটে 'জঙ্গি আস্তানা' ঘিরে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ‘আছিয়া মহল’ নামের পাঁচতলা বাড়িটি ঘিরে রাখা হয়।

বাড়ির নিচতলার ফ্ল্যাটে সন্দেহভাজন জঙ্গিরা অবস্থান করছে বলে ধারণা পুলিশের।

পুলিশ বলছে, ভোররাত চারটার দিকে বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। পরে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

পাঁচতলা ভবনটিতে ৩০টি ফ্ল্যাট আছে বলে জানতে পেরেছে পুলিশ।

সন্দেহভাজন জঙ্গি পরিবারটি বাদে বাকিদের ভেতর থেকে দরজা-জানালা বন্ধ করে নিরাপদে অবস্থান করতে বলেছে পুলিশ।

আশপাশের ভবনের বাসিন্দাদেরও নিরাপদে থাকার জন্য সতর্ক করা হয়েছে।

‘জঙ্গি আস্তানা’ চারদিক থেকে ঘিরে রেখেছে পুলিশ। ভবনের প্রধান ফটক আটকে রাখা হয়েছে।

ভবনটির দিকে যাওয়ার দুটি সড়ক জনসাধারণের চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

পুলিশ আশপাশের ভবনের ছাদে উঠে অস্ত্র তাক করে সতর্ক অবস্থানে রয়েছে।

.
.

মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকনউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযানের পর পাওয়া তথ্যের ভিত্তিতে সিলেটের বিভিন্ন স্থানে অনুসন্ধান ও তল্লাশি চালায় পুলিশ। এর ধারাবাহিকতায় গতকাল দিবাগত রাতে সন্দেহজনক বাড়িটির সন্ধান মেলে। বাড়ির মালিকের কাছ থেকে ভাড়াটেদের তথ্য নেয় পুলিশ। পুলিশ নিশ্চিত হয়, বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে। এরপর বাড়িটি ঘিরে ফেলা হয়।