সিলেটের ফুটপাত আবার হকারদের দখলে

পবিত্র ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজা সামনে রেখে সিলেট নগরের কেন্দ্রস্থল কোর্ট পয়েন্ট, বন্দরবাজার ও সিটি পয়েন্ট এলাকার দখলমুক্ত ফুটপাত আবার দখল করেছেন হকারেরা। গতকাল মঙ্গলবার মেয়রের নির্দেশে তাঁদের তুলে দিতে গেলে মেয়রের এক নিরাপত্তাকর্মীকে তাঁরা মারধর করেন।
সিটি করপোরেশন ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ফুটপাত দখলমুক্ত রাখতে প্রায় এক বছর ধরেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিটি করপোরেশন। এর অংশ হিসেবে সেখানে রিকশা চলাচলে পৃথক লেনও করা হয়েছে। কিন্তু ঈদ ও পূজা সামনে রেখে আবার হকারদের দখলে চলে গেছে সেগুলো। এতে করে ওই সব এলাকার রাস্তায় দেখা দিয়েছে ফের যানজট।
সূত্র আরও জানায়, গতকাল সকাল নয়টার দিকে মেয়র আরিফুল হক চৌধুরী নগর ভবনের সামনে থেকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি পর্যন্ত ফুটপাত ছেড়ে চলে যেতে হকারদের নির্দেশ দেন।
পরে তিনি নিজের কার্যালয়ে ফিরে যান। বেলা ১১টার দিকে মেয়রের কয়েকজন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী জেলা পরিষদের সামনের ফুটপাত দখলমুক্ত করতে গেলে দলবল নিয়ে তাঁদের ধাওয়া করেন জেলা হকার্স লীগের সহসভাপতি মো. রকিব আলী। এ সময় হাবিবুর রহমান নামের এক নিরাপত্তাকর্মীকে ধরে মারধর করেন তাঁরা।
খবর পেয়ে মেয়র ঘটনাস্থলে যান। এরপর তিনি নিজ হাতেই হকারদের নেতা রকিবের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
নিরাপত্তাকর্মীকে মারধরের বিষয়ে জানতে চাইলে রকিব আলী দাবি করেন, ‘কোনো নিরাপত্তাকর্মীকে কেউ মারধর করেনি। পূজা ও ঈদের সময় ফুটপাতে কিছু লোক ব্যবসা করছিল। গরিব লোক ফুটপাতে কিছু ব্যবসাপাতি করে খায়। তাদের উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি জানানোয় মেয়র ক্ষুব্ধ হন।’
বিকেলে সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে মেয়র জানান, ঈদের পর ফুটপাতগুলো পুনরুদ্ধারে সাঁড়াশি অভিযান চালানো হবে।