সিলেটের সেই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা প্রশাসনের বাণিজ্য শাখার কর্মচারী আজিজুর রহমানের বিরুদ্ধে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার বিকেলে দুদক সিলেট কার্যালয়ের উপসহকারী পরিচালক ওয়াহিদ মনজুর সোহাগ বাদী হয়ে এ মামলা করেন। যোগাযোগ করলে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ মামলাটি নথিভুক্ত করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, ৯ ফেব্রুয়ারি বিকেল চারটার সময় জেলা প্রশাসনের বাণিজ্য শাখায় কর্মরত থাকা অবস্থায় আজিজুর রহমানকে ঘুষ গ্রহণকালে ১০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করে দুদকের একটি দল। এ সময় ঘুষের টাকাসহ আজিজুরকে দুদক দলের কাছ থেকে ছিনিয়ে নেন তাঁর সহকর্মী অন্য কর্মচারীরা। এরপর থেকে আজিজুর পলাতক রয়েছেন। মামলায় আজিজুরকে একমাত্র আসামি করা হয়েছে।
দুদক দল ওই দিন জেলা প্রশাসনের কর্মচারীদের কাছে প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরুদ্ধ ছিল। এ সময় কর্মচারীদের হামলায় দুদকের দুজন উপসহকারী পরিচালকসহ চারজন আহত হয়েছিলেন। এ ঘটনায় গত রোববার দুদকের একটি উচ্চপর্যায়ের দলের তদন্তের পর সোমবার মন্ত্রিপরিষদের সভা থেকে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন আজিজুরকে সাময়িক বরখাস্ত করেছে।
মামলার বাদী ওয়াহিদ মনজুর প্রথম আলোকে বলেন, অভিযানে গিয়ে দুদক দল অবরুদ্ধ হওয়া এবং হামলার ঘটনায় পৃথক একটি সাধারণ ডায়েরি হয়েছে। মামলাটি শুধু একজন ঘুষ গ্রহণকারীকে হাতেনাতে আটক ও পরে ছিনিয়ে নেওয়ার অভিযোগে করা হয়েছে। ঘটনার পর থেকে আজিজুর পলাতক রয়েছেন।