সিলেটের হাসপাতাল থেকে পালানো আসামি হবিগঞ্জে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে হাসপাতাল থেকে পালানো ধর্ষণ মামলার আসামি সামাদ রব্বানী (২৬) হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ধরা পড়েছেন। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার আদাঐর ইউনিয়ন থেকে ওই আসামিকে গ্রেপ্তার করে মাধবপুর থানার পুলিশ।
আজ সোমবার সকালে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন প্রথম আলোকে বলেন, সামাদকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাঁকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।
গত শনিবার মধ্যরাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালান সামাদ। তিনি হাসপাতালের শৌচাগারের ভেন্টিলেটর ভেঙে পালান। এ ঘটনায় তিন কারারক্ষী সাময়িক বরখাস্ত হয়েছেন।
কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, সামাদের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়। সুনামগঞ্জের ছাতক উপজেলার পশ্চিম মানিকপুরের একটি মেয়েকে ধর্ষণের ঘটনায় করা মামলার আসামি তিনি। সম্প্রতি আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। অসুস্থ অবস্থায় সামাদকে গত মঙ্গলবার কারাগার থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি হাসপাতালের চতুর্থ তলার ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে সামাদ শৌচাগারে যান। কিন্তু দীর্ঘ সময় পরও বের না হওয়ায় দায়িত্বরত তিন কারারক্ষী শৌচাগারের দরজায় ধাক্কা দেন। দরজা খুলে গেলে তাঁরা দেখতে পান, ভেতরে কেউ নেই। শৌচাগারের ভেন্টিলেটর ভাঙা।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ছগীর মিয়া বলেন, ঘটনার সময় লোকমান হোসেন, ফখরউদ্দিন ও মুহাম্মদ মোল্লাহ নামের তিন কারারক্ষীর হেফাজতে ছিলেন আসামি সামাদ। তিনজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যান হত্যা মামলার এক আসামি। ওয়াদুদ খাঁ ওরফে তাজাত নামের ওই আসামি পুলিশের পাহারায় চিকিৎসাধীন ছিলেন। তিনি শৌচাগারে যাওয়ার কথা বলে কক্ষ থেকে বের হওয়ার পর আর ফেরেননি। ওই ঘটনায় পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন: