সিসাবোঝাই ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে উধাও হওয়া ব্যাটারির সিসাবোঝাই ট্রাকটি গত সোমবার বিকেলে উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই দফায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়ালন্দ ঘাট থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ডি এম নাজমুল হুদা জানান, মামলা দায়েরের পর থেকে কয়েক দফায় কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১৫ টন সিসার মধ্যে ১২ টন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গোয়ালন্দ থানার পুলিশ ঢাকা থেকে তিন টন ও কুষ্টিয়া থেকে তিন টন সিসা উদ্ধার করে। এই ছয় টন সিসা থানা হেফাজতে আছে। পরে ছয় টন সিসাসহ ট্রাকটি দর্শনা থেকে উদ্ধার করা হয়। সেগুলো এখন দর্শনা শুল্ক কার্যালয়ে রয়েছে। বাকি তিন টনের সন্ধান এখনো মেলেনি।
এসআই জানান, সিসা উদ্ধারকালে কুষ্টিয়া ও যশোর অঞ্চল থেকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সীতারামপুর শিকদারপাড়ার রুবেল হোসেন মোল্যা (২২), যশোর কোতোয়ালি মডেল থানার বিরামপুর মধ্যপাড়ার বাবু মোল্যা (৩৫), একই থানার জুমজুমপুর গ্রামের আবদুর রহমান মৃধা (৪০) ও ঝালকাঠির রাজাপুর থানার উত্তর তারাবনিয়ার মোহন মোল্যাকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, প্রথম গ্রেপ্তার ব্যক্তিদের মুঠোফোনের কলের তালিকা ধরে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সরকারদলীয় স্থানীয় এক প্রভাবশালী নেতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্যাহ গতকাল মঙ্গলবার দুপুরে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।