সিসি ক্যামেরায় শনাক্ত সেই কবির ঢাকা থেকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কমার্স কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী মিসবাহ উদ্দিনকে (২২) প্রকাশ্যে কুপিয়ে খুন করে চাপাতি মুছতে মুছতে পালানো কবির আহমদকে (২৩) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার শাহবাগ এলাকা থেকে সংশ্লিষ্ট থানা-পুলিশের সহায়তায় সিলেট কোতোয়ালি থানার একদল পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) মো. নুরুল হুদা আশরাফী বলেন, মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে কবিরের অবস্থান নিশ্চিত হয়ে গত প্রায় ১২ দিন একাধিক অভিযান চালানো হয়। কিন্তু কবির ঘন ঘন স্থান পরিবর্তন করায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। সম্প্রতি জামালপুর থেকে ঢাকায় গিয়ে অবস্থান নেন।
পুলিশ জানায়, ২৬ নভেম্বর রাতে জিন্দাবাজার এলাকায় কাস্টমসের প্রধান ফটকের কাছে মিসবাহকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। ক্লোজ সার্কিট ক্যামেরায় খুনি শনাক্ত হলে এ ঘটনায় মিসবাহের মা নাজমা বেগম বাদী হয়ে কবিরসহ ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেন।