সিসি ক্যামেরার ছবি দেখে চুরির সাত দিন পর নবজাতক উদ্ধার

রাজশাহীর একটি হাসপাতাল থেকে সাত দিন আগে চুরি হওয়া নবজাতকটি অবশেষে উদ্ধার হয়েছে। আটক করা হয়েছে চুরির সঙ্গে জড়িত নারীকে। রাজশাহী সিটি করপোরেশনের সিসি ক্যামেরা থেকে পাওয়া একটি ছবির সূত্র ধরে পুলিশ ওই নারীকে শনাক্ত করেছে। তাঁর কাছেই ছিল নবজাতকটি।
ওই নারীর নাম শাহীন আক্তার ওরফে শুভ্রা। তিনি রাজশাহী নগরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক। নগরের বাসার রোডে অবস্থিত ‘সপ্তর্ষি’ নামের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। তাঁর স্বামীর নাম আক্তারুজ্জামান। পেশায় তিনি একজন চিকিৎসক। তাঁদের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। তাঁদের ছয় বছর বয়সী একটি মেয়ে রয়েছে। এই বাসায় তাঁরা ভাড়া থাকেন। বাসাটির মালিকের নাম আমিরুল ইসলাম। তিনি বলেন, বছর দেড়েক আগে তাঁরা (শাহীন আক্তার ও আক্তারুজ্জামান) তাঁর বাসার দ্বিতীয় তলা ভাড়া নেন।
১৯ জানুয়ারি প্রসবের ছয় ঘণ্টার মাথায় নগরের নওদাপাড়া মাতৃসদন হাসপাতাল থেকে নবজাতকটি চুরি হয়। এদিকে সন্তান হারিয়ে মা মুক্তি খাতুন (১৮) মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। চার দিন আগে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলেও তিনি হাসপাতাল ছাড়েননি। বাচ্চা ছাড়া তাঁকে হাসপাতাল থেকে বের করা যায়নি।
মহানগর গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আল আমিন হোসেইন বলেন, চার দিন আগে তাঁরা রাজশাহী সিটি করপোরেশনের সিসি ক্যামেরা থেকে একটি ছবি উদ্ধার করেন। ছবি দেখে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা পুলিশকে বলেন যে, এই নারীই নবজাতকটি চুরি করে নিয়ে গেছেন। আল আমিন জানান, গতকাল শুক্রবার সকালে একটি সূত্র ওই নারীর কর্মস্থলের ব্যাপারটি তাঁদের নিশ্চিত করে। তারপর সকাল থেকে তাঁরা সাদাপোশাকে নগরের বাসার রোড এলাকায় অবস্থান নেন। দুপুর ১২টার দিকে তাঁরা সপ্তর্ষি বাসাটি চিহ্নিত করতে সক্ষম হন। আল আমিন জানান, ওই নারীর দাবি, ২০ জানুয়ারি তাঁর বাচ্চা হয়েছে। কিন্তু বাড়ির মালিকের স্ত্রী নাসিমা আক্তার তাঁদের জানিয়েছেন, বাচ্চা হয়েছে—এমন হইচই শুনে তিনিও ওপরে গিয়েছিলেন। তবে বাচ্চার মুখটা পরিষ্কার মনে হয়েছিল। সদ্যঃপ্রসূত বাচ্চার মুখ এতটা পরিষ্কার থাকে না। আল আমিন বলেন, তাঁরা সিসি ক্যামেরার ফুটেজের সঙ্গে ওই নারীর চেহারা, চশমা, হাতঘড়ি, গায়ের চাদর, কাঁধের ব্যাগ ও পায়ের স্যান্ডেলের হুবহু মিল পেয়েছেন। তারপরও একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ দিয়ে প্রাথমিকভাবে পরীক্ষা করান। পরীক্ষা শেষে চিকিৎসক তাঁদের জানিয়েছেন, সাত দিন আগে বাচ্চা প্রসব হওয়ার কোনো লক্ষণ তিনি ওই নারীর শরীরে পাননি। বাচ্চাকে স্তন্য পান করানোর কোনো প্রমাণও পাওয়া যাচ্ছে না। এটা নিশ্চিত হওয়ার পর তাঁরা নগর মাতৃসদন হাসপাতালের কর্মচারী ও কর্মকর্তাদের ডাকেন। তাঁরা এসে নিশ্চিত করেন, এই নারীই হাসপাতাল থেকে বাচ্চা নিয়ে আসেন। ওই কর্মকর্তা আরও জানান, এত কিছু নিশ্চিত হওয়ার পরও তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শাহীন আক্তার ওরফে শুভ্রার স্বাস্থ্য পরীক্ষা করাবেন।
নবজাতক চুরির ঘটনায় মুক্তি খাতুনের মা রোজিনা বেগম বাদী হয়ে ঘটনার দিন রাতেই নগরের শাহমখদুম থানায় একটি মামলা করেন। পুলিশ এই মামলায় হাসপাতালের মাঠকর্মী তুহুরা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে। তহুরা বেগমই আগন্তুক নারীকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। তিনি তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন।