সিসি ক্যামেরার ফুটেজে খুনি শনাক্ত
ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ ওরফে সোহেল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে। এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রকে জিজ্ঞাসাবাদ করতে গতকাল বুধবার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত মঙ্গলবার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হন নাসিম আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র ও চট্টগ্রাম নগর ছাত্রলীগের সদস্য ছিলেন। ছাত্ররাজনীতিতে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, ক্যাম্পাস থেকে সংগ্রহ করা সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহান ধারালো ছুরি দিয়ে নাসিমকে আঘাত করেছেন। তিনি (সোহান) নিজের পকেট থেকে ছুরি বের করে তাঁর (নাসিম) মাথায়, ঘাড়ে ও হাতে ছুরিকাঘাত করেন। গ্রেপ্তার পাঁচজনের মধ্যে তামিম ছাড়া বাকি চারজন নাসিমকে কিলঘুষি মেরেছেন।
ওসি বলেন, ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্যাম্পাসে তিন দফায় নাসিমকে মারধর করা হয়। এতে ১৫-২০ জন অংশ নেন।
এদিকে নাসিম হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বাবা আবু তাহের গতকাল নগরের চকবাজার থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ২০-২৫ জনকে। এজাহারভুক্ত আসামিরা হলেন আশরাফুল ইসলাম, তামিম উল আলম, ওয়াহিদুজ্জামান, জিয়াউল হায়দার চৌধুরী, এস এম গোলাম মোস্তফা, সোহান, জয়নাল, সাইদ, উজ্জ্বল, আবিদ, তারেক, সায়েম ও সাইফুল। তাঁদের মধ্যে আশরাফ, তামিম, ওয়াহিদুজ্জামান, জিয়াউল ও গোলাম মোস্তফাকে ঘটনার দিন ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করা হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে জানান, গ্রেপ্তার পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করে চকবাজার থানার পুলিশ। গতকাল বিকেলে শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সংবাদ সম্মেলন ও বিক্ষোভ: নাসিম হত্যার বিচারের দাবিতে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেনের পদত্যাগের দাবি জানানো হয়েছে। ‘ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর এবং আওতাধীন কলেজসমূহের’ ব্যানারে চট্টগ্রাম প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে নগর ছাত্রলীগের সহসভাপতি মিথুন মল্লিক, সহসভাপতি রেজাউল আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আবদুল্লাহ আল মামুন, নগর কমিটির যুগ্ম সম্পাদক ওয়াহিদ রাসেল উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতা-কর্মীরা সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।
নগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।
সংবাদ সম্মেলনে উপাচার্যের পদত্যাগের পাশাপাশি খুনিদের তিন দিনের মধ্যে গ্রেপ্তার করা না হলে আগামী ৩ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত নানা কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে—৩ এপ্রিল চট্টগ্রাম নগরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সমাবেশ, ৫ এপ্রিল চট্টগ্রাম নগরের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট, ৬ এপ্রিল নগর পুলিশ কমিশনারের কার্যালয়ে অবস্থান ধর্মঘট, ৭ এপ্রিল উপাচার্যের কার্যালয় অবরোধ এবং তিনি পদত্যাগ না করা পর্যন্ত অবস্থান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘নাসিমকে চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যা করে। এ হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। এ হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নীরব সম্মতি আছে বলে প্রতীয়মান হয়।’
অভিযোগ প্রসঙ্গে অধ্যাপক অনুপম সেন বলেন, ‘সমর্থন থাকলে আমরা সিসি টিভির ফুটেজ কেন পুলিশকে দেব? আমরা ঘটনার পরপরই পুলিশকে ফুটেজ দিয়েছি। এ ধরনের ঘটনা ঘটুক কোনো উপাচার্য চায় না।’
এদিকে গতকাল নগরের লালদীঘি মাঠে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীসহ দলের নেতা-কর্মীরা নিহত নাসিমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এর আগে নগর ছাত্রলীগের উদ্যোগে দারুল ফজল মার্কেটের কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নাসিমের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর ছাত্রলীগের সহসভাপতি ইকরাম হক, ইয়াছিন আরাফাত, আবু মোহাম্মদ আরিফ।