সিসি ক্যামেরায় চোর শনাক্ত গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্যানিটি ব্যাগ কেটে এক দিন আগে টাকা চুরি করেছিল দুই ব্যক্তি। গতকাল বুধবার ভিডিও ফুটেজ দেখে তাদের ধরে গণপিটুনি দেয় জনতা। দুপুরে সোনালী ব্যাংকের সুপ্রিম কোর্ট শাখায় এ ঘটনা ঘটে।
গণপিটুনিতে আহত মো. আলম (২৮) ও মো. বাবুকে (২৬) পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলম নিজেকে ভ্যানগাড়ির চালক আর বাবু থাই গ্লাস বহনের কাজ করেন বলে দাবি করেন। তাঁরা চুরির ঘটনার সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন।
শাহবাগ থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার দুপুরে আলম ও বাবু সোনালী ব্যাংকের সুপ্রিম কোর্ট শাখার সামনে এক আইনজীবীর ভ্যানিটি ব্যাগ কেটে ৭০ হাজার টাকা চুরি করেন। ওই আইনজীবীর চিৎকারে ব্যাংকের কর্মকর্তারা এগিয়ে আসেন। তাঁরা ঘটনার বিস্তারিত শোনেন। পরে তাঁরা ব্যাংকের ক্লোজ সার্কিট ক্যামেরায় দুই চোরের ভিডিও ফুটেজ পান। গতকাল দুপুরে ওই দুই চোর সোনালী ব্যাংকের সুপ্রিম কোর্ট শাখায় এলে ব্যাংকের কর্মকর্তারা তাঁদের শনাক্ত করেন।