সিসি ক্যামেরায় ধরা আ.লীগ নেতা
রাজধানীর বনানীতে একটি মুঠোফোনের দোকানে চুরির ঘটনায় ছয়জনকে পুলিশ শনাক্ত করেছে। ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণ করা দৃশ্য দেখে পুলিশ বলেছে, দোকান মালিকের পূর্ব পরিচিত আজিজুল হকের পরিকল্পনায় চুরির ঘটনা ঘটে।
আজিজুল স্থানীয় আওয়ামী লীগ নেতা বলে জানা যায়। ঘটনার কয়েক দিন পর সে মালিককে সমবেদনাও জানিয়ে এসেছিল। সে বর্তমানে পুলিশি রিমান্ডে রয়েছে।
৮ মে দিবাগত রাতে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ এলাকায় আরিফ প্লাজার নিচতলায় ওই মুঠোফোনের দোকানে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানমালিক বারেকুল ইসলাম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন। তাঁর অভিযোগ, চোরের দল ওই দোকান থেকে নগদ আট লাখ টাকা এবং প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১৮১টি মুঠোফোন সেট ও বিভিন্ন সামগ্রী নিয়ে যায়।
সন্দেহভাজন হিসেবে ওই রাতে আরিফ প্লাজার নিরাপত্তাকর্মী আবদুর রহিম ও ফারুক নামের দোকানের এক সাবেক কর্মচারীকেও আটক করা হয়। গত বৃহস্পতিবার রাতে বনানী সুপার মার্কেট এলাকা থেকে আজিজুলকে গ্রেপ্তার করে পুলিশ। গত শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়।
ঘটনার পর পুলিশ দোকানের পাশের ভবনের বাইরে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে।
ভিডিও ফুটেজে দেখা যায়, শুক্রবার রাতে এদিক-ওদিক তাকিয়ে একজন যুবক ওই দোকানের সামনে যায়। তারপর সেখানে আরও দুজন যুবক আসে। তাদের একজন কাগজের প্যাকেট থেকে কিছু একটা বের করছিল। সাত-আট মিনিট পর একটি স্কুল ব্যাগ কাঁধে নিয়ে হেঁটে চলে যায় প্রথমে আসা যুবক। ভারী কোনো বস্তু দিয়ে ব্যাগটি ভর্তি ছিল। তাকে অনুসরণ করে মোট চারজন যুবক। তাদের একজনের হাতে ভারী ছোট্ট একটি ব্যাগ ছিল। একজনের ছিল খালি পা।
বনানী থানার পুলিশ জানায়, চোরের দল বিকল্প চাবি দিয়ে ওই দোকানের চাবি খুলেছিল। ফুটেজে যাকে খালি পায়ে দেখা গেছে, তার স্যান্ডেলও দোকান থেকে জব্দ করা হয়েছে। ভিডিও ফুটেজে যে যুবককে প্রথম দেখা গেছে এবং স্কুল ব্যাগ নিয়ে হেঁটে চলে গেছে, সে আজিজুল হক বলে নিশ্চিত হওয়া গেছে।
দোকান মালিক বারেকুল ইসলাম বলেন, ‘আজিজুল প্রায় সময় আমার দোকানে আসতেন। আড্ডা দিতেন, চা খেতেন। রাজনীতি করতেন বলে সমীহও করতাম। ঘটনার পর দোকানে এসে আমাকে সমবেদনাও জানিয়ে বলেছেন, “আপনার অনেক ক্ষতি হয়ে গেল, দুঃখজনক।” কিন্তু ভিডিও ফুটেজ দেখার পর আমি তো রীতিমতো অবাক।’
পুলিশ সূত্র জানায়, নিরাপত্তাকর্মী রহিম পুলিশের সামনে চুরির ঘটনায় আজিজুলকে শনাক্ত করেন। তিনি পুলিশকে জানিয়েছেন, ঘটনার দিন রাতে আজিজুল তাঁর কাছে ওই দোকানের মালিক আছেন কি না জানতে চান।
বৃহস্পতিবার রাতে বনানী থানায় গেলে আবদুর রহিম প্রথম আলোকেও একই কথা বলেন। জানতে চাইলে আজিজুল বলেন, তিনি চুরি করেননি। তাঁর দাবি, ভিডিও ফুটেজে দেখা ছবি তাঁর নয়।
তবে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে শতভাগ নিশ্চিত হয়ে আজিজুলকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজে দেখা শারীরিক গঠন, চুল, চেহারা ও স্যান্ডেলের সঙ্গে তাঁর সবকিছুই মিলে গেছে। ধারণা করা হচ্ছে, তিনি ঘটনার মূল পরিকল্পনাকারী।
এসআই আরও বলেন, আজিজুল গাড়ি চুরিসহ বিভিন্ন অপরাধ চক্রের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে কিছু তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার দিন রাতে দোকানের সামনে যাওয়ার কথা স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেছেন, তিনি বিলবোর্ড ঠিক করতে গিয়েছিলেন।
কিন্তু ঘটনাস্থলে কোনো বিলবোর্ড ঠিক করার আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন এসআই জাহাঙ্গীর। তিনি বলেন, তাঁকে আজ রোববার আবারও আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে। আবদুর রহিম ও ফারুক বর্তমানে জেলহাজতে আছেন। প্রয়োজনে তাদেরও আবার রিমান্ডে আনা হবে। পাশাপাশি চুরির ঘটনায় শনাক্ত হওয়া আরও পাঁচজনকে গ্রেপ্তার এবং মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
বনানী এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বনানী সুপার মার্কেটে আজিজুলের আগে একটি ফটো স্টুডিও ছিল।
যোগাযোগ করা হলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আজিজুল ১৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। সম্প্রতি দলের বনানী বাজার ইউনিটের কমিটিতে তাঁকে সাংগঠনিক সম্পাদক হিসেবে রাখা হয়েছে। তবে আমরা ওই কমিটি এখনো অনুমোদন দেইনি।’