সিসি ক্যামেরায় হত্যাকাণ্ডের দৃশ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যস্ত রাস্তায় পথচলতি মানুষের মধ্যে হঠাৎ শোরগোল। অতর্কিত আক্রমণে একজন রক্তাক্ত, মাটিতে পড়ে ছটফট করছেন। উদ্বিগ্ন মানুষের ভিড়ে চাপাতি হাতে দেখা গেল একজনকে। কোনো দিকে তাঁর ভ্রুক্ষেপ নেই। চাপাতিতে লেগে থাকা রক্ত মুছতে মুছতেই তাঁর ঘটনাস্থল ত্যাগ। তাঁর পিছু পিছু পালায় আরও পাঁচজন।
এটি তিন মিনিটের একটি ভিডিওচিত্র। সিলেট নগরের ব্যস্ততম জিন্দাবাজার এলাকায় গত শনিবার রাতে শিক্ষার্থী মিসবাহ উদ্দিনকে (২২) কুপিয়ে হত্যা করা হয়। সিসি ক্যামেরায় তাঁকে কোপানোর পর চাপাতি হাতে খুনি ও তাঁর সঙ্গীদের পালিয়ে যাওয়ার ঘটনা এভাবেই ধরা পড়ে।
ঘটনাস্থলের একটি বিপণিবিতানের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা থেকে ভিডিওচিত্রটি সংগ্রহ করা হয়েছে। তা দেখে খুনিসহ ছয়জনকে চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
পুলিশ জানায়, চাপাতির রক্ত মুছতে মুছতে ঘটনাস্থল থেকে পালানো যুবকের নাম কবির আহমদ (২৬)। তিনি জিন্দাবাজারের কাজী ম্যানশনের একটি দরজি দোকানের প্রশিক্ষণার্থী কর্মচারী। বাড়ি দক্ষিণ সুরমার বলধী গ্রামে। প্রায় পাঁচ মাস আগে কবিরের সঙ্গে মিসবাহর সঙ্গীদের বচসা হয়েছিল। সেই বচসার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরদিন মিসবাহর মা নাজমা বেগম বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। তাতে কবিরের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করা হয়।
ঘটনার আগে ও পরের তিন মিনিটের ভিডিওচিত্রের শেষ ভাগের ২৭ সেকেন্ড রয়েছে কবিরসহ অন্যদের পালিয়ে যাওয়ার দৃশ্য। এতে দেখা গেছে, উদ্বিগ্ন মানুষের ভিড়ে কবির ডান হাত থেকে বাঁ হাতে নিয়ে চাপাতি থেকে রক্ত মুছতে মুছতে ঘটনাস্থল থেকে নির্বিঘ্নে পালিয়ে যাচ্ছেন। তাঁর পেছনে যায় আরও পাঁচজন।
সিলেট কমার্স কলেজ থেকে গত বছর এইচএসসি পাস করে জার্মানি গিয়ে উচ্চশিক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মিসবাহ। তাঁর বাবা রহমত উল্লাহ জার্মানপ্রবাসী। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চণ্ডীপুর গ্রামের বাসিন্দা হলেও মা ও তিন বোনকে নিয়ে সিলেট নগরের মজুমদারি এলাকায় বসবাস করতেন মিসবাহ।
ভিডিওচিত্র থেকে একাধিক স্থিরচিত্র ধারণ করে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) নুরুল হুদা আশরাফী। তিনি বলেন, চাপাতি হাতে থাকা কবিরই খুনি, এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। কবিরসহ অন্যদের গ্রেপ্তারে প্রযুক্তির সহায়তায় অভিযান অব্যাহত রয়েছে।