সীতাকুণ্ড ইকোপার্ক থেকে গ্রেপ্তার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ইকোপার্কে ছিনতাইয়ের অভিযোগে নয়জনকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. রাসেল, মো. আরমান হোসেন, রেজাউল করিম, মাহফুজ, আশরাফ উদ্দিন, নুর হোসেন, বাহার উদ্দিন, আনফাল ও আকিবুল হাসান। তাঁদের কাছ থেকে তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) শরীফ মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগর থেকে এক যুবক তাঁর বান্ধবীকে নিয়ে ইকোপার্কে বেড়াতে আসেন। বেলা দুইটার দিকে তাঁরা ইকোপার্ক কার্যালয়ের কিছু ওপরে পাহাড়ে ওঠেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী ওই যুবককে ছুরি ধরে তাঁর মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় দুই ছিনতাইকারী ওই যুবককে জিম্মি করে রাখে। অন্য ছিনতাইকারীরা ওই যুবকের বান্ধবীকে গহিন পাহাড়ের দিকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। এ সময় ওই যুবক কৌশলে দৌড়ে গিয়ে পার্ক কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। পরে পার্কের লোকজন নয় ছিনতাইকারীকে ধরে থানায় খবর দেয়। তবে ওই সময় চার ছিনতাইকারী ২ হাজার ১০০ টাকা ও একটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায়। বিকেলে পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তার করে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ওই যুবক সীতাকুণ্ড থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছেন।