সীতাকুণ্ড ইকোপার্কে তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক থেকে এক তরুণীর লাশ উদ্ধার হয়েছে। পুলিশ আজ শনিবার বিকেল চারটার দিকে পার্কটির সুপ্ত ধারা পয়েন্ট এলাকা থেকে লাশ উদ্ধার করে। সন্ধ্যায় লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে ২০-২৫ বছরের ওই তরুণীর পরিচয় মেলেনি।
এ ঘটনায় সীতাকুণ্ড থানা-পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা উজ্জল কান্তি মজুমদার প্রথম আলোকে বলেন, আজ দুপুরে বন বিভাগের কর্মচারীরা তরুণীর লাশ দেখতে পেয়ে তাঁকে জানান। তিনি বিষয়টি থানাকে অবহিত করেন। পরে বন বিভাগ, ইজারাদারের প্রতিনিধি ও পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেন।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক(এসআই) সুজয় কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরাই তরুণীকে গত শুক্রবার রাতের কোনো একসময় পার্কটির অন্তত ৭০০ ফুট ওপরে সুপ্তধারায় যাওয়ার পথে পর্যটক বসার একটি স্থানে খুন করে। পরে লাশটি টিলার নিচে খাদে ফেলে দেওয়া হয়। তিনি আরও বলেন, সালোয়ার-কামিজ পরা ওই তরুণীর মাথায়, কানে, মুখে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

উজ্জল কুমার মজুমদার বলেন, ইজাদারদের বিকেল পাঁচটার মধ্যে ইকোপার্কের মূল ফটক বন্ধ করার নির্দেশনা দেওয়া আছে। তারা যথা সময়ে ফটক বন্ধ করলে এ ধরনের ঘটনা ঘটত না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার দিনে বন বিভাগের কর্মচারীরা নতুন বীজ ও চারা গাছ লাগানোর দায়িত্বে ছিলেন। তাই পর্যটকদের বিষয়টি তারা জানেন না।

পার্কটির অন্যতম ইজারাদার মো. সোহেল বলেন, মূল ফটক ছাড়াও ইকোপার্কে প্রবেশ করার একাধিক পথ রয়েছে। কর্তৃপক্ষকে বলার পরও ওই পথগুলো বন্ধ করতে পারছেন না তারা। রাতের বেলায় অন্য কোনো পথে ওই তরুণীকে পার্ক এলাকায় এনে খুন করা হয়ে থাকতে পারে বলে তিনি আশঙ্কা করছেন ।