সীতাকুণ্ড উদীচীর সভাপতিকে হত্যা করা হয়েছে : পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে উদীচীর উপজেলা শাখার সভাপতি দীপক দেকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছিল। নিহত দীপক দের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় এই মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আসামিরা দীপক দের অণ্ডকোষে আঘাত করে তাঁকে হত্যা করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মামলার তদন্তে আরও গতি এসেছে।
ইফতেখার হাসান বলেন, এ মামলার এজাহারভুক্ত দুই আসামি মফিজুর রহমান ও জানে আলম ওরফে ভোলাকে গ্রেপ্তার করা হয়েছে। জানে আলম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। তিনি বলেন, মামলার তদন্তকাজ প্রায় শেষ পর্যায়ে। এখন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত করার আগ্রহ প্রকাশ করেছে। তদন্তের দায়িত্ব তাদের হাতে ন্যস্ত করা হবে।
গত ১৫ মার্চ দীপক দের লাশ তাঁর বাড়ি থেকে অন্তত ২০ কিলোমিটার দুরে একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এর এক দিন পর দীপক চন্দ্র দের ছেলে আঁকড় দে বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সুনির্দিষ্ট চারজন ও অজ্ঞাত ১৫ জনসহ ১৯ জনকে আসামি করা হয়।
দীপক দে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক ও জাতীয় শিশু সংগঠন খেলাঘরের সীতাকুণ্ড মেঘমল্লা আসরের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।