সীতাকুণ্ড উপজেলা উদীচীর সভাপতির লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা উদীচীর সভাপতি দীপক চন্দ্র দের (৬১) রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ ঘোড়ামরা পাক্কা মসজিদ এলাকার একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে।
দীপক চন্দ্র দে-কে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়, নাকি তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। দীপক দে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সীতাকুণ্ড উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং জাতীয় শিশুসংগঠন খেলাঘরের সীতাকুণ্ড মেঘমল্লা আসরের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
দীপক দের বাড়ি সীতাকুণ্ড পৌর সদরের মধ্যম মহাদেবপুরের বারৈপাড়া গ্রামে। তাঁর ছেলে পিনাক দে গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি আত্মহত্যা করতে পারেন না।’
লাশ উদ্ধারের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সীতাকুণ্ড শাখার সভাপতি রণজিৎ সাহা, সহসভাপতি সুনীল দাশ, সাধারণ সম্পাদক স্বপন কুমার বণিক, সীতাকুণ্ড পৌরসভার প্যানেল মেয়র হারাধন চৌধুরী।
রণজিৎ সাহা বলেন, ‘যেভাবে লাশ ঝুলে ছিল, তাতে মনে হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড।’
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, ‘দীপক দে বেসরকারি একটি বিমা প্রতিষ্ঠানে কাজ করতেন। আটক তাহেরা বেগম নামের এক নারীর সহায়তায় কিছু গ্রাহকের কাছ থেকে বিমার প্রিমিয়াম বাবদ তিনি দুই থেকে তিন লাখ টাকা সংগ্রহ করেন। কিন্তু গ্রাহকেরা তাঁদের দলিলাদি চাইলে তিনি তা দেখাতে পারেননি।’
এসআই বলেন, গত রোববার চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে পাক্কা মসজিদ এলাকায় পৌঁছানোর পর কয়েকজন গ্রাহক দীপক চন্দ্র দে-কে গাড়ি থেকে নামান। গতকাল ওই এলাকার একটি ঘরে তাঁর লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সীতাকুণ্ড উপজেলা সভাপতি পঙ্কজ কান্তি নাথ বলেন, দীপক চন্দ্র দের লাশ উদ্ধারের ঘটনাটি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তকে জানিয়েছেন তিনি।
দীপক চন্দ্র দের মৃত্যুরহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদ। সংগঠনের সভাপতি শহীদজায়া মুশতারী শফী, সহসভাপতি চন্দন দাশ ও সাধারণ সম্পাদক শীলা দাশ এক বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে তাঁরা বলেন, ‘কীভাবে দীপক চন্দ্র দের মৃত্যু হয়েছে, বিষয়টি পুলিশ স্পষ্ট করে কিছু জানাচ্ছে না। আমরা তাঁর মৃত্যুরহস্য ২৪ ঘণ্টার মধ্যে উদ্ঘাটনের দাবি জানাচ্ছি। যদি এটি হত্যাকাণ্ড হয়, তা হলে এর সঙ্গে জড়িত লোকদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।’