সীতাকুণ্ড রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড রেলস্টেশনের প্ল্যাটফর্মে পর পর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
সীতাকুণ্ড রেলস্টেশনের মাস্টার মতিলাল বড়ুয়া প্রথম আলোকে জানান, রাত নয়টার দিকে স্টেশনের দক্ষিণ পাশে পর পর ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই অংশে অন্ধকার থাকায় কারা ককটেল ছুড়েছে, তা বোঝা যায়নি।
রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার জানান, বিস্ফোরণের শব্দ শুনে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। তাঁর ধারণা, দুর্বৃত্তরা ভবঘুরে বা টোকাইদের দিয়ে এ ঘটনা ঘটিয়েছে।
এদিকে সীতাকুণ্ড মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) সাইফুল ইসলাম জানান, রাত সাড়ে নয়টার দিকে সীতাকুণ্ড উত্তর বাজার ও ঈদিলপুর রাস্তার মাথা এলাকায় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।