সীতাকুণ্ডে আ.লীগের কর্মীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ। নিহত আবুল কাসেম (৫০) সীতাকুণ্ড পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নুনাছড়া এলাকার বাসিন্দা।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নুনাছড়া এলাকায় বাড়ির কাছে মুখোশধারী দুর্বৃত্তরা আবুল কাসেমকে কুপিয়ে আহত করে। রাত নয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ জে এম হোসেন লিটন বলেন, আবুল কাসেম দলের সক্রিয় কর্মী ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে নুনাছড়া এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, আবুল কাসেম পুলিশের সোর্স (তথ্যদাতা) ছিলেন। তবে বিষয়টি অস্বীকার করেছেন সীতাকুণ্ড মডেল থানার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।