সীতাকুণ্ডে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ আহত ৫
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের সোনারপাড়া পিএইচপি গেট এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে এ ঘটনায় কোনো পক্ষ মামলা করেনি বলে পুলিশ জানায়।
আহতদের মধ্যে শফিউল আলম, রফিক, আবদুল্লাহ আল নোমান ও ফরহাদ উদ্দীনের অবস্থা গুরুতর। তাঁদের প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শফিউল কুমিরা ইউনিয়নের সোনারপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, ফরহাদ উদ্দীন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীনের অনুসারী ফরহাদ উদ্দীনের পক্ষ ও সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন চৌধুরীর অনুসারী শফিউল আলম পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। পরে সীতাকুণ্ড থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কামাল উদ্দীন ও মোরশেদ হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ফরহাদ ও শফিউলের পরিবারের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সংঘর্ষ দলীয় কোনো বিষয় নিয়ে হয়নি বলে তাঁদের দাবি।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, পারিবারিক বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে। কোনো পক্ষই এখনো থানায় অভিযোগ করেনি।