সীতাকুণ্ডে আদিবাসী নারী ধর্ষণের শিকার
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘরে ঢুকে স্বামীকে কুপিয়ে এক আদিবাসী ত্রিপুরা নারীকে (২০) ধর্ষণ করেছে একদল যুবক। এই অভিযোগে গতকাল শুক্রবার ওই নারীর স্বামী থানায় মামলা করেছেন।
পুলিশ জানায়, ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওই নারীর উদ্ধৃতি দিয়ে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) দুলাল হোসেন বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মুখোশ পরা সাত ব্যক্তি ঘরে ঢুকে ওই নারীর স্বামীকে কুপিয়ে আহত করে। এরপর যুবকেরা ওই নারীকে ধরে গভীর পাহাড়ে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই নারী এলাকার মণীন্দ্র ত্রিপুরা (২৩) ও যতীন্দ্র ত্রিপুরাকে (২৩) চিনতে পারেন।
পুলিশ জানায়, ভোররাতে পাহাড় থেকে নেমে আসার সময় পুলিশ ওই নারীকে উদ্ধার করে।
থানার এসআই মোতালেব সরকার জানান, মণীন্দ্র ত্রিপুরা ও যতীন্দ্র ত্রিপুরাসহ সাতজনকে আসামি করে ওই নারীর স্বামী মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।