সীতাকুণ্ডে ইয়াবাসহ রোহিঙ্গা আটক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডের পাক্কা মসজিদ এলাকা থেকে দুই রোহিঙ্গা শরনার্থীকে ইয়াবাবড়িসহ আটক করেছে বারআউলিয়া হাইওয়ে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মো. ইলিয়াস (২৯) ও মো ওমর ফয়সাল (১৮) কক্সবাজারের টেকনাফ মুছনি রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। এর মধ্যে মো. ইলিয়াস শরনার্থী কার্ডধারী হলেও ওমর ফয়সাল এখনো অনিবন্ধিত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে গতকাল সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান হাবীব প্রথম আলোকে বলেন, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় ঢাকামুখী লেনে শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালান তাঁরা। এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক দাম ৪ লাখ ৫০ হাজার টাকা। তাঁরা ইয়াবাগুলো চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।