সীতাকুণ্ডে উদীচীর সভাপতির লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে উদীচীর উপজেলা শাখার সভাপতি দীপক চন্দ্র দের (৬১) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ ঘোড়ামারা এলাকার একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। দীপকের বাড়ি সীতাকুণ্ড পৌর সদরের মধ্যম মহাদেবপুর বারৈপাড়া গ্রামে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, দীপকের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকার বাসিন্দা তাহেরা বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহেরা পুলিশকে জানিয়েছেন, দীপক বেসরকারি একটি বিমা প্রতিষ্ঠানে কাজ করতেন। তিনি তাঁর সহায়তায় কিছু গ্রাহকের কাছ থেকে দুই থেকে তিন লাখ টাকা সংগ্রহ করেন। কিন্তু পরে গ্রাহকেরা তাঁদের টাকার দলিলাদি চাইলে দীপক গা ঢাকা দেন। গত রোববার দীপক চট্টগ্রাম থেকে তাঁর ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার পথে ওই এলাকায় গেলে তাঁকে গাড়ি থেকে কয়েকজন লোক নামিয়ে একটি ঘরে আটকে রাখেন। পরে আজ সকালে দীপক আত্মহত্যা করেছেন বলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ দুপুরে গিয়ে ওই ঘরের দরজার তালা ভেঙে লাশটি উদ্ধার করে। এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
উদীচীর উপজেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি কমল ধর বলেন, দীপক সর্বশেষ দুই বছর আগে উদীচীর উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক ও জাতীয় শিশু সংগঠন খেলাঘরের সীতাকুণ্ড মেঘমল্লা আসরের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।