সংঘর্ষে পুলিশসহ আহত ১১, ব্যাপক ক্ষতি
সীতাকুণ্ডে এক্সেল লোড কন্ট্রোল স্টেশনে চালকদের অগ্নিসংযোগ
অতিরিক্ত পণ্য পরিবহনে জরিমানা আদায়ের নতুন নীতির প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের বড়দারোগাহাটে এক্সেল লোড কন্ট্রোল স্টেশন এলাকার একটি স্টেশন পুড়িয়ে দিয়েছেন পণ্যবাহী গাড়ির চালক ও তাঁদের সহকারীরা। গত মঙ্গলবার রাতের এ ঘটনার সময় তাঁরা অন্য স্টেশনটিতেও ব্যাপক ভাঙচুর চালান।
চালক ও তাঁদের সহকারীদের হামলায় স্টেশনের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশের চার সদস্য, স্টেশনের তিনজন সিগন্যালম্যান, দুজন ওভারলোড কন্ট্রোলার ও দুজন ডেটা এন্ট্রি অপারেটর আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর ঢাকামুখী কন্ট্রোল স্টেশনটি বন্ধ হয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আশিক কাদেরী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা করেছেন। এতে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি ২৫ টাকা উল্লেখ করেছেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানের কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। কাল শুক্রবার চট্টগ্রামের সড়ক পরিবহন কার্যালয়ে মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে আরও একটি সভা হবে বলে বাংলাদেশ সড়ক ফেডারেশন সূত্রে জানা গেছে।
সড়ক পরিবহন, এক্সেল লোড কন্ট্রোল স্টেশন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে দারোগাহাট এলাকায় চট্টগ্রামমুখী এক্সেল লোড কন্ট্রোল স্টেশনে কয়েকটি ওভারলোড গাড়ি থামিয়ে নতুন নীতিমালায় জরিমানা আদায় করছিল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি প্রতিষ্ঠান র্যা গনাম রিসোর্স লিমিটেড। এ সময় তারা অতিরিক্ত পণ্য বহনের দায়ে একটি গাড়ির সর্বোচ্চ জরিমানা ১২ হাজার টাকা আদায় করতে চাইলে যানটির চালক তা না দিয়ে অন্যদের নিয়ে শতাধিক গাড়ি জড়ো করেন। রাত ১০টার দিকে চালক ও তাঁদের সহকারীরা গাড়িগুলোকে এলোপাতাড়ি রেখে মহাসড়ক অবরোধ করেন এবং জরিমানার প্রতিবাদে মিছিল শুরু করেন। একপর্যায়ে তাঁরা ইটপাটকেল নিয়ে স্টেশন দুটিতে হামলা করেন। তাঁদের বেধড়ক পিটুনি ও ইটপাটকেলের আঘাতে চার পুলিশসহ আহত হন ১১ জন। একপর্যায়ে প্রাণভয়ে তাঁরা ঢাকামুখী স্টেশনটির ভেতরে আশ্রয় নেন। তখন চালক ও তাঁদের সহকারীরা স্টেশনটির দরজা বন্ধ করে ডিজেল ছিটিয়ে আগুন লাগিয়ে দেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে।
র্যা গনাম রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসাইন জনি প্রথম আলোকে বলেন, ‘আমরা এক মাস ধরে প্রচারপত্র বিলিসহ প্রচারণা করে আসছি। সোমবার সরকারের নির্দেশনা অনুসারে জরিমানা আদায় করেছি। কিন্তু চালকেরা তা দিতে অস্বীকৃতি জানিয়ে এ ভাঙচুর করে।’
সওজ সূত্রে জানা গেছে, আগে অতিরিক্ত পণ্যবাহী গাড়িগুলোকে ফেরত পাঠানো অথবা অতিরিক্ত পণ্য কমিয়ে আনার বিধান ছিল। চালকেরা সে নিয়ম না মানায় গত ১৮ আগস্ট এ ধরনের গাড়িগুলোকে ফেরত না পাঠিয়ে চারটি ধাপে ২ হাজার, ৪ হাজার, ৬ হাজার এবং ১২ হাজার টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়। গত সোমবার সন্ধ্যা থেকে সব ধরনের ধাপে ২ হাজার টাকা করে আদায় করা হয়।
সওজের চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল প্রথম আলোকে বলেন, ‘ঢাকামুখী স্টেশনের ব্যাপক ক্ষতি হয়েছে।’
বাংলাদেশ শ্রমিক পরিবহন ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রহিম বক্স দুদু প্রথম আলোকে বলেন, ‘সরকার পরিবহন শ্রমিক এবং মালিকদের সঙ্গে পুরোপুরি আলোচনা শেষ না করে নতুন নীতি প্রণয়ন করে জরিমানা আদায় শুরু করে। ঢাকা-চট্টগ্রাম রুটে ১৫ হাজার টাকা ভাড়া নিয়ে ১২ হাজার জরিমানা চালকেরা কীভাবে দেবেন?’
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।