সীতাকুণ্ডে কাভার্ড ভ্যান থেকে রপ্তানিপণ্য চুরির চেষ্টা
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ফেরিঘাট এলাকায় চুরি করে খালাসের সময় গতকাল বুধবার তৈরি পোশাকসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে পুলিশ। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সীতাকুণ্ড থানা সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে ঢাকার একটি পোশাক কারখানা থেকে শার্ট নিয়ে একটি কাভার্ড ভ্যান চট্টগ্রাম বন্দরে যাচ্ছিল। স্থানীয় একটি চক্র কাভার্ড ভ্যানটি কুমিরা ফেরিঘাট এলাকায় নিয়ে যায়। গতকাল বুধবার সকালে কাভার্ড ভ্যান থেকে শার্ট নামানোর সময় স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ শার্টভর্তি গাড়িটি আটক করে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশের ধারণা, কাভার্ড ভ্যানের চালকও ওই ঘটনার সঙ্গে জড়িত।
সীতাকুণ্ড মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) সাইফুল ইসলাম জানান, চালান অনুযায়ী কাভার্ড ভ্যানটিতে ৩১ হাজার ৫০০টি ফুল হাতা শার্ট আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।