সীতাকুণ্ডে কারখানা বন্ধ, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে টায়ার পোড়ানোর একটি কারখানা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশদূষণের দায়ে কারখানাটিকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। এ সময় কারখানার দুই কর্মীকে আটক করা হয়।
গতকাল সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম বলেন, বেনামি কারখানাটি জনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে তৈরি করা হয়েছিল। এটিতে টায়ার পুড়িয়ে কয়লা-জাতীয় পদার্থ ও ফার্নেস তেল উৎপাদন করা হতো। টিনশেডের কারখানাটিতে টায়ার পোড়ানোর সময় অন্তত দুই বর্গকিলোমিটার এলাকাজুড়ে গন্ধ ছড়িয়ে পড়ত।
মাহবুব আলম বলেন, কারখানাটির কোনো বৈধ কাগজপত্র ছিল না। ছিল না পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় কাগজপত্র। তাই কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। কারখানাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া কারখানার ব্যবস্থাপক মো. হিমেল ও মেশিন অপারেটর আমজাদ হোসেনকে আটক করা হয়।