সীতাকুণ্ডে কিশোরকে গলাটিপে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উত্তর ভাটিয়ারী গ্রামে ক্রিকেট খেলা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে মো. রবিন নামের এক কিশোরকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিনের (১৬) বাড়ি উপজেলার উত্তর ভাটিয়ারী গ্রামে। গতকাল সকালে একই গ্রামের মো. রাজুসহ (১৬) পাঁচ কিশোর স্থানীয় মাঠে ক্রিকেট খেলছিল। কিছুক্ষণ পর রবিন সেখানে যায়। তাকে খেলায় নেওয়ার জন্য অনুরোধ করে। এ সময় রাজু তাকে নিয়ে উপহাস করে। এ নিয়ে দুজনের বাগ্বিতণ্ডা হয়। পরে হাতাহাতি হয়। একপর্যায়ে রবিন পড়ে গেলে রাজু তার গলা টিপে ধরে। পরে স্থানীয় লোকজন রবিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রবিনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া প্রথম আলোকে জানান, বেলা ১১টার দিকে রবিনকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থাকার উপপরিদর্শক (এসআই) মোতালেব সরকার গতকাল রাত সাড়ে ১১টার দিকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু এ ঘটনায় কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেনি। তাই মামলা হয়নি।
রবিনের জেঠাতোভাই মো. হারুন প্রথম আলোকে বলেন, নিথর দেহ পড়ে থাকতে দেখে তিনি রবিনকে খালা হালিমার ঘরে নিয়ে যান। পরে হালিমার বাড়ির অন্য লোকজন রবিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
ওই এলাকার ইউপি সদস্য কামাল উদ্দীন জানান, এটি একটি হত্যাকাণ্ড। এ ধরনের ঘটনা তিনি আর দেখেননি।
সরেজমিনে দেখা যায়, ছেলের মৃত্যুর খবরে রবিনের মা মুহুর্মুহু জ্ঞান হারিয়ে ফেলছেন। বাবা বাকরুদ্ধ হয়ে বসে ছিলেন।