সীতাকুণ্ডে গৃহবধূর লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরায় গতকাল মঙ্গলবার পুকুর থেকে শিল্পী দে (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শিল্পী দে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কনস্টেবল কৃষ্ণপদ ঘোষের স্ত্রী।
সূত্র জানায়, গতকাল দুপুরে শিল্পী দের মৃত্যুর খবর শুনে তাঁর বাবার বাড়ির লোকজন সীতাকুণ্ড থানায় খবর দেন। পরে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) কাজী আশরাফুল আলম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। গৃহবধূর স্বামী কৃষ্ণপদ ঘোষ বলেন, তাঁর স্ত্রী মৃগীরোগী ছিলেন। সকালে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যান।
এসআই কাজী আশরাফুল আলম বলেন, ওই গৃহবধূর থুতনির নিচে লালচে দাগ পাওয়া গেছে। এ ছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের কোনো চিহ্ন ছিল না।
এ ঘটনায় শিল্পী দের বাবা তুষার দে সীতাকুণ্ড থানায় দেওয়া এজাহারে উল্লেখ করেন, বিয়ের পর থেকে শিল্পী ও কৃষ্ণপদর মধ্যে কলহ চলছিল। গতকাল মেয়ের মৃত্যুর খবর শুনে তাঁর সন্দেহ হয়। এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য তিনি এজাহারে আবেদন করেন।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে একে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করলে হত্যা মামলা নেওয়া হবে।