সীতাকুণ্ডে চার জঙ্গি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকা থেকে গতকাল রোববার রাতে উগ্রপন্থী সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের (এবিটি) চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের তথ্যের ভিত্তিতে বাড়বকুণ্ড এলাকার একটি বাড়ি থেকে আটটি চাপাতি ও তলোয়ার উদ্ধার করা হয়েছে।

গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের গুরুত্বপূর্ণ স্থাপনা তাঁদের লক্ষ্যবস্তু ছিল বলে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুসাব ইবনে ওমায়েদ (২৫), মোহাম্মদ শিপন ওরফে ফয়সল (২৫), খোরশেদ আলম (৩১) ও রাসেল মোহাম্মদ ইসলাম (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চারজনই নিজেদের জসিম উদ্দিন রহমানির অনুসারী বলে পুলিশের কাছে দাবি করেছেন। জসিম উদ্দিন রহমানি আনসার উল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা। ২০১৩ সালে তিনি গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে আছেন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ (উত্তর) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ডের শিল্পকারখানা ও স্থাপনায় হামলার বড় পরিকল্পনা নিয়ে আনসার উল্লাহ বাংলা টিমের জঙ্গিরা বাড়বকুণ্ড এলাকার একটি বাড়িতে যাচ্ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের অনুসরণ করে আসছিল। রোববার রাতে অভিযান চালিয়ে চার জঙ্গিকে গ্রেপ্তার এবং বাড়বকুণ্ডের জঙ্গি আবদুল্লাহর বাড়ি থেকে আটটি চাপাতি ও তলোয়ার উদ্ধার করা হয়। অভিযান টের পেয়ে আরও কয়েকজন জঙ্গি পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘২০১৩ সালে মুসাব ইবনে ওমায়েদ ধর্মান্তরিত হন। তাঁর গ্রামের বাড়ি পটিয়া উপজেলায়। তাঁর বাবার নাম অরুণ কান্তি দাশ। নগরের ইপিজেডের একটি কারখানায় চাকরি করতেন তিনি। তিনি দুর্ধর্ষ প্রকৃতির জঙ্গি বলে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি। ঢাকার গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ার পর জঙ্গিরা সীতাকুণ্ডের স্থাপনা ও শিল্পকারখানায় হামলার পরিকল্পনা নিয়ে জড়ো হয়েছিল।’
পুলিশ কর্মকর্তারা জানান, এবিটির অন্য সদস্য মোহাম্মদ শিপনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। খোরশেদ আলমের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলায় এবং রাসেলের বাড়ি সীতাকুণ্ডের কুমিরা এলাকায়।
জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, ‘রোববার রাতে চারজন জঙ্গি গ্রেপ্তার হওয়ার পর তাদের পরিকল্পনার খবর জানতে পেরে আমরা সীতাকুণ্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের সংখ্যা বাড়িয়েছি। চারজনের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁদের সম্পর্কে অনেক তথ্য-উপাত্ত আমাদের হাতে এসেছে। পলাতক জঙ্গিদের বাড়িতেও আমরা অভিযান চালিয়েছি।’
পুলিশ সুপার হাফিজ আক্তার বলেন, গ্রেপ্তার জঙ্গিরা পিস টিভিতে জাকির নায়েকের বক্তব্য শুনে উদ্বুদ্ধ হয়েছিল বলে স্বীকার করেছে।
পুলিশের আরেকটি সূত্র জানায়, আসলে গত শনিবার বিকেলে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড রেলগেট এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে তিন ব্যক্তিকে আটক করে। ফাঁদ পেতে পরে আরেকজনকে ধরা হয়। বাড়বকুণ্ডে রাসায়নিক দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স নামের একটি কারখানার অবস্থান। ওই কারখানায় ২৮-৩০ জন বিদেশি কাজ করেন বলে জানা গেছে। ওই কারখানাসহ আরও কিছু স্থাপনা জঙ্গিদের লক্ষ্যবস্তু ছিল বলে আরেকজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন।