সীতাকুণ্ডে চোর সন্দেহে দুই যুবককে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে চোর সন্দেহে দুই যুবককে পিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। পরে তাঁদের মুমূর্ষু অবস্থায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সড়ক বিভাজকের ওপর ফেলে দেওয়া হয়। গতকাল রোববার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার ফৌজদারহাট আবদুল্লাহরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি চাকা উদ্ধার করা হয়।

আহত যুবকদের একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মো. হারুন (৪০)। বাড়ি কুমিল্লা জেলার চান্দিনায়।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট রফিক আহম্মদ মজুমদার বলেন, গতকাল ভোরে বড় গাড়ির একটি চাকা অটোরিকশায় করে তিন যুবক চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন চোর সন্দেহে তাঁদের ধাওয়া করে। সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার ফৌজদারহাট আবদুল্লাহরঘাটা এলাকায় অটোরিকশাটি থামায় স্থানীয় লোকজন। এ সময় অটোরিকশায় থাকা এক যুবক পালিয়ে গেলেও হারুনসহ দুই যুবককে পিটুনি দিয়ে মুমূর্ষু অবস্থায় সড়ক বিভাজকের ওপর ফেলে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।