সীতাকুণ্ডে জঙ্গি সন্দেহে আটক চারজন
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি সন্দেহে চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উপজেলার বাড়বকুণ্ড রেলগেট এলাকায় গতকাল শনিবার দুপুরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
চারজনকে আটকের পর ওই এলাকায় বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হয়। রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাসায়নিক দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স (সিসিসি) এলাকার কাছ থেকে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হয়। প্রতিষ্ঠানটিতে বিদেশি নাগরিকেরাও কাজ কেরেন।
নাম প্রকাশ না করার শর্তে অভিযানে অংশ নেওয়া পুলিশের এক উপপরিদর্শক (এসআই) প্রথম আলোকে বলেন, তাঁদের কাছে তথ্য ছিল বাড়বকুণ্ডে কয়েকজন জঙ্গি অবস্থান করছে। খবর পেয়ে তাঁরা সেখানে অভিযান চালান। এ সময় জঙ্গি সন্দেহে চার যুবককে আটক করা হয়। এসআই বলেন, আটক ব্যক্তিদের বাড়ি আনোয়ারা, পটিয়া, বাঁশখালী ও সীতাকুণ্ডে।
চারজনকে আটকের বিষয়টি স্বীকার করলেও তারা জঙ্গি কি না, এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান।