সীতাকুণ্ডে জঙ্গি সন্দেহে আটক চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি সন্দেহে চার ব্যক্তিকে আটক করেছে সীতাকুণ্ড থানা-পুলিশ। উপজেলার বাড়বকুণ্ড রেলগেট এলাকায় গতকাল শনিবার বেলা দুইটার দিকে একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

চারজনকে আটকের পর বাড়বকুণ্ড জামে মসজিদসহ ওই এলাকায় বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হয়। রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান অব্যাহত ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্দেহভাজন ব্যক্তিদের আটকের স্থান থেকে মাত্র ১০০ গজ দূরে একমাত্র রাষ্ট্রীয় মালিকানার রাসায়নিক দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স (সিসিসি)। সেখানে ৩০ জন বিদেশি নাগরিক কর্মরত। এর পূর্ব দিকে পাহাড়ের পাদদেশে বাড়বানলসহ হিন্দু ধর্মাবলম্বীদের কয়েকটি মন্দিরও রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে অভিযানে অংশ নেওয়া পুলিশের এক উপপরিদর্শক (এসআই) প্রথম আলোকে বলেন, তাঁদের কাছে তথ্য ছিল বাড়বকুণ্ডে কয়েকজন জঙ্গি অবস্থান করছে। খবর পেয়ে তাঁরা সেখানে অভিযান চালান। এ সময় জঙ্গি সন্দেহে চার যুবককে আটক করা হয়। এসআই বলেন, আটক ব্যক্তিদের বাড়ি আনোয়ারা, পটিয়া, বাঁশখালী ও সীতাকুণ্ডে।

চারজনকে আটকের বিষয়টি স্বীকার করলেও তারা জঙ্গি কি না, এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান।