সীতাকুণ্ডে ট্রেনে ঢিল, চালক আহত
চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্ক এলাকায় গতকাল সোমবার সকালে চলন্ত ট্রেনে ছোড়া ঢিলের আঘাতে চালক (লোকোমাস্টার) আহত হয়েছেন।
সীতাকুণ্ড রেলস্টেশনের মাস্টার মতিলাল বড়ুয়া প্রথম আলোকে বলেন, গতকাল সকালে চট্টলা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। সাড়ে নয়টার দিকে ট্রেনটি সীতাকুণ্ড ইকোপার্ক এলাকায় পৌঁছালে সামনে থেকে এক নারী ঢিল ছুড়ে মারেন। এতে ট্রেনের সামনের কাচ ভেঙে ঢিলটি চালক শাহ আলমের মাথায় লাগে। ভাঙা কাচের আঘাতে চালকের মুখের বিভিন্ন অংশ কেটে যায়। এতে চালক সীতাকুণ্ড স্টেশনে ট্রেন থামাতে বাধ্য হন। সেখানে শাহ আলমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ জন্য ট্রেন ৪০ মিনিটের মতো দাঁড় করিয়ে রাখা হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু দাস রানা বলেন, রেল-পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাউকে দেখতে পাননি। তবে চালক রেল-পুলিশকে জানিয়েছেন, ঢিল ছোড়া নারী মানসিক ভারসাম্যহীন হতে পারেন।