সীতাকুণ্ডে ডাকাতের কোপে দুজন ভারতীয় আহত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ডাকাতের ধারাল অস্ত্রের কোপে দুজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। আহত দুজনকে চিকিৎসার জন্য ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে। গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার নূনাছড়া ও ছোটদারোগাহাটের মাঝামাঝি কলাবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড ও মিরসরাই থানার পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামের একটি শিখ মন্দির পরিদর্শন করে গতকাল রাতে মাইক্রোবাসে করে ঢাকায় ফিরছিলেন ভারতীয় নাগরিক জগিন্দর সিং (৭৫), অমর জিত সিং (৬৩), গৌমিত সিং (৬০) গৌনম সিং (৩১), তারশেম সিং (৩৯), মূল চান্দ (৬৫), ভুপেন্দর সিং (৬৮) ও কাশ্মীর সিং (৪৪)। রাত পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের কলাবাড়িয়া এলাকায় পৌঁছালে ১০-১২ জনের একদল ডাকাত গাড়িতে ঢিল ছুড়ে পথরোধ করে। চালক গাড়ি থামালে মুখোশ পরা ডাকাতেরা চাপাতি, ছুরি, হকিস্টিক, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। ডাকাতের চাপাতির আঘাতে মূল চান্দের ডান হাঁটু ও ভূপেন্দর সিং বাঁ হাতের বাহু জখম হয়। তাঁদের সঙ্গে থাকা ৮৮ হাজার ৮০০ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয় ডাকাতেরা। পরে আহত ব্যক্তিদের নিয়ে চালক মিরসরাইয়ের টহল পুলিশের সহযোগিতা চান। মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) মুকিবুল হোসেন তাদের পুলিশ পাহারায় ঢাকা পাঠানোর ব্যবস্থা করেন। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীতাকুণ্ড থানার এসআই মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় ভারতীয় নাগরিকদের বহনকারী গাড়িচালক অসীম কুমার মালাকার বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা করেছেন। আহত ব্যক্তিদের ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, এসআই মুকিবুল হোসেনের নেতৃত্বে মিরসরাই পুলিশ আহত ভারতীয় নাগরিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।