সীতাকুণ্ডে ডিএমপির অভিযান, এক যুবক আটক
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এক যুবককে আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করেছে বলে চট্টগ্রাম পুলিশের একটি সূত্র জানিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এই অভিযান পরিচালনা করেছে বলে কয়েকটি সূত্র জানিয়েছে। ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তাঁকে আটক করা হয়েছে বলে পুলিশের কয়েকটি সূত্রে জানা গেছে।
জানতে চাইলে ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, এ ধরনের কোনো অভিযানের কথা তাঁর জানা নেই।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঢাকা মহানগর পুলিশের একটি দল সীতাকুণ্ড থেকে উপজেলা শিবিরের সহ সভাপতি তারেকুল আলমকে আটক করে নিয়ে গেছে। তবে সে নীলাদ্রির হত্যা মামলায় আটক কি না সেটা কেউ নিশ্চিত করতে পারেনি।
জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, তারেকুলের বিরুদ্ধে ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত থানায় ২৩টি নাশকতার মামলা আছে। তাঁকে ঢাকা মহানগর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ আটক করেছে।
ব্লগার নীলাদ্রি চলতি বছরের ৭ আগস্ট ঢাকায় বাসাবোর নিজ বাসায় খুন হন।