সীতাকুণ্ডে দগ্ধ ট্রাকচালক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুনে দগ্ধ হয়েছেন আবদুল আজিজ (৩৫) নামের এক ট্রাকচালক। ট্রাক থেকে দ্রুত নামতে গিয়ে আহত হয়েছেন চালকের সহকারী মো. শামীম (২৩)। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে সীতাকুণ্ডের বাড়বকুল ইউনিয়নের মান্দারিটোলা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যক্তিরা চালক ও তাঁর সহকারীকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আবদুল আজিজ যশোরের কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের মোবারক হোসেনের ছেলে। মো. শামীম একই উপজেলার শান্তিয়া গ্রামের রেজাউল করিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, যশোর থেকে পেঁয়াজবোঝাই ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। সকাল সাতটার দিকে সীতাকুণ্ডের বাড়বকুল মান্দারিটোলা সেতু এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুড়ে মারে। চালক আক্রান্ত হলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ জাবেদের ভাষ্য, চালক ও চালকের সহকারী তাঁকে এ ঘটনার একই বর্ণনা দিয়েছেন।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মীর মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, গাড়িটি উল্টে পড়ে যাওয়ার সময় কোনো কারণে আগুন ধরে যায়। এতে চালক দগ্ধ হন। গাড়িটি রাস্তা থেকে উদ্ধারের চেষ্টা চলছে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ফখরুল ইসলামের ভাষ্য, ইঞ্জিনের ত্রুটির কারণে আগুন লাগেনি। দুর্বৃত্তরা পেট্রলবোমা বা অন্য কোনোভাবে ট্রাকটিতে আগুন দিয়েছে।
আজিজের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ জাবেদ। তিনি বলেন, চালকের শরীরের অন্তত ৪০ ভাগ পুড়ে গেছে। তাঁর মুখমণ্ডল, দুই হাত ও পেছনের অংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে আজিজকে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।