সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়াকুল জেলেপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।
গত বুধ ও বৃহস্পতিবার রাতে দুই দফায় এই সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ওই গ্রামের জেলেরা পূর্বপাড়া ও পশ্চিমপাড়া নামে দুই সমাজে বিভক্ত হয়ে পড়ে। এর পর থেকে দুই পক্ষের লোকজনের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে আছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর দুই পক্ষের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক করেও বিবাদ থামাতে পারেননি।
গত বুধবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষ দা, ছোরা, লাঠিসোঁটা ও ইটপাটকেল ব্যবহার করে। বৃহস্পতিবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় রঙ্গবালা, প্রিয়লাল, প্রীতিলাল, কানু, নেপাল ও শোভা রানীসহ কমপক্ষে ৩০ জন আহত হন। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে থানায় নিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আহত আটজনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত অন্যরা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুফিয়া খানম বলেন, হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের বেশির ভাগই মাথায় জখম পেয়েছেন।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মীর মাহবুবুর রহমান বলেন, গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি, পুলিশ ও উভয় সমাজের লোকজনের মধ্যে বৈঠক হয়। বৈঠকে উভয় পক্ষ আর বিবাদে না জড়ানোর অঙ্গীকার করে।