সীতাকুণ্ডে ধর্ষণের শিকার তরুণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কে ঘটকসহ পাত্রের সঙ্গে দেখা করতে গিয়ে এক তরুণী (১৯) ধর্ষণের শিকার হয়েছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে দুই যুবক ওই তরুণীকে অসুস্থ অবস্থায় সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকের সামনে রেখে চলে যান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এস এম নুরুল করিম প্রথম আলোকে বলেন, ওই তরুণী তাঁকে জানিয়েছেন, কিছুদিন আগে ঘটকসহ এক তরুণ বিয়ের কথা বলতে তাঁদের বাড়িতে যান। এরপর থেকে ওই তরুণের সঙ্গে মুঠোফোনে মাঝেমধ্যে তাঁর কথা হতো। গতকাল সকালে ওই তরুণ তাঁকে ইকোপার্কে দেখা করার জন্য ফোন করেন। কথামতো সেখানে যান তিনি। সেখানে ঘটকও ছিলেন। ঘটক তাঁকে ওই তরুণের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তরুণের সঙ্গে তাঁর এক বন্ধুও ছিলেন। পরিচয় শেষে ঘটক চলে গেলে ওই দুজনের সঙ্গে তিনি পার্কের ভেতরে যান। সেখানে গভীর পাহাড়ে নিয়ে তরুণীকে ধর্ষণ করেন ওই দুজন।
স্বাস্থ্য কর্মকর্তা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তরুণীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করেও ঘটনার সঙ্গে জড়িত তরুণ ও তাঁর বন্ধুর নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটকসহ তিনজনকে ধরার চেষ্টা চলছে।