সীতাকুণ্ডে নারী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরে গত শনিবার রাতে এক নারী (৩০) গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার শিকার নারীর বাড়ি কুমিল্লায়। তবে বাবার চাকরি সূত্রে তিনি পরিবারের সঙ্গে সীতাকুণ্ড সদরে থাকেন। গ্রেপ্তার হওয়া দুজন হলেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরজঙ্গালিয়া গ্রামের মো. ইউনুছ মিয়ার ছেলে মো. হারুন (৩৫) ও মৃত আবদুর রশিদের ছেলে মো. লিটন (৩২)। তাঁরা দুজনই পেশায় রিকশাচালক ও আত্মীয়।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, ওই নারী গত শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ ধরে হেঁটে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তিনি উপজেলা ভূমি কার্যালয়ের কিছুটা দক্ষিণে এক গ্যারেজের সামনে পৌঁছান। এ সময় তিন ব্যক্তি তাঁকে ধরে পাশের একটি অন্ধকার জায়গায় নিয়ে যান। সেখানে দুজন তাঁকে ধর্ষণ করেন। অপর ব্যক্তি মহাসড়কে দাঁড়িয়ে পাহারা দেন।

পুলিশ বলছে, ধর্ষকেরা চলে গেলে ওই নারী বিবস্ত্র অবস্থায় মহাসড়কে এসে চলন্ত একটি গাড়ির সামনে দাঁড়ান। এ সময় স্থানীয় এক ব্যক্তি তাঁকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিষয়টি পুলিশকে জানান। পরে এসআই ইকবালের নেতৃত্বে একদল পুলিশ গতকাল রোববার সকালে পৃথক জায়গায়অভিযান চালায়। এ সময় ওই নারীর দেখানো মতেহারুন ও লিটনকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব মিলকী প্রথম আলোকে বলেন, তিনি ওই নারীর বাবার সঙ্গে কথা বলেছেন। স্বামীর সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়েছে। তাঁকে কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে।গতকাল রোববার তিনি থানায় ধর্ষণের মামলা করেছেন। এ মামলায় গ্রেপ্তার হওয়া দুই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ (সোমবার) ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।