সীতাকুণ্ডে নারীকে ছুরিকাঘাতে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকার পাহাড় থেকে গতকাল বৃহস্পতিবার ছুরিকাঘাতে নিহত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শারমিন আক্তার (৪০) স্বামী পরিত্যক্তা ছিলেন। মেয়ে ইয়াছমিন আক্তার (১৭) ও ছেলে মো. রিয়াদকে (১২) নিয়ে তিনি সীতাকুণ্ডের কুমিরা রেলস্টেশন এলাকার পাহাড়ের পাশের একটি বাড়িতে থাকতেন। তাঁর বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায়।
ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় সদস্য মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ওই নারী পাহাড়ে বিভিন্ন মানুষের বাগান পরিষ্কারসহ জুমচাষের কাজ করতেন। কাজ শেষে আসার পথে নিজেদের জন্য লাকড়ি নিয়ে আসতেন। বুধবার জমানো লাকড়ি আনতে গিয়ে আর ফেরেননি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। সকালে লাশ পাওয়ার বিষয়টি জানতে পেরে তিনি থানায় খবর দেন।
সীতাকুণ্ড থানার এসআই মোহাম্মদ ফারুক বলেন, ওই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর বুকে পাঁচটি, পিঠে একটি ও তলপেটের নিচে ছুরিকাঘাতের একটি চিহ্ন আছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) রেজাউর রহমান বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।