চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় তালিকাভুক্ত সন্ত্রাসী নাজিম উদ্দীন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে এক সন্ত্রাসীকে। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সন্ত্রাসীদের শটগানের গুলিতে আহত হয়েছেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসঅাই) রফিকুল ইসলাম। এ ছাড়া পুলিশের আরও ছয় সদস্য আহত হয়েছেন। তাঁদের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় গতকাল রাত সাড়ে ১০টায় নাজিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, নাজিমের কাঁধের নিচে, পেটে ও পায়ে গুলি লেগেছে।
সীতাকুণ্ড মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) সাইফুল ইসলাম জানান, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নাজিম দীর্ঘদিন ধরে বাঁশবাড়িয়া এলাকায় জায়গা দখল, চাঁদাবাজি ও ডাকাতি করে আসছেন। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে।
সীতাকুণ্ড থানা সূত্রে জানা যায়, গতকাল রাতে নাজিমকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে নাজিম ও তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে নাজিম আহত হন। সন্ত্রাসীদের ছোড়া গুলি এসআই শফিকুলের ডান হাতে বিদ্ধ হয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ায় পুলিশের ছয় সদস্য আহত হন।
সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দিদার নামে নাজিমের এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে তিন রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল, সাতটি গুলিসহ একটি এলজি উদ্ধার করা হয়েছে।